ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি আর্ম অধিগ্রহণ করছে না এনভিডিয়া। উভয় কোম্পানি এবং আর্মের স্বত্বাধিকারী সফটব্যাংক আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। সপ্তাহখানেক আগেই বিভিন্ন মাধ্যমে এ গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে আর্ম অধিগ্রহণ পরিকল্পনা থেকে সরে এসেছে এনভিডিয়া। গতকাল প্রতিষ্ঠানগুলোর তরফ থেকেই এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর টেকক্রাঞ্চ।
আর্ম বলছে, একীভবন পরিকল্পনা বাদ দিয়ে আইপিও ছাড়ার পরিকল্পনা করছে তারা। অবশ্য আইপিও ছাড়ার বিষয়টি আগামী ১২ মাসের মধ্যে সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে। আর্ম ও এনভিডিয়ার একীভবন পরিকল্পনা ভেস্তে যাওয়ার খবরটি প্রথম প্রকাশ করেছে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
বৃহৎ প্রযুক্তি জায়ান্টগুলোর ছোট প্রতিদ্বন্দ্বী কোম্পানি অধিগ্রহণ পরিকল্পনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। আর্ম অধিগ্রহণের মাধ্যমে মার্কিন কোম্পানি এনভিডিয়া প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি সুবিধা পাবে এমন আশঙ্কা তাদের।










