লিনাক্সভিত্তিক মোবাইল অপারেটিং সিস্টেম টাইজেনের অ্যাপ স্টোর বন্ধ করে দিয়েছে স্যামসাং। প্লাটফর্মটির নতুন, পুরনো সব ব্যবহারকারীর জন্য স্টোরের ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। খবর গ্যাজেটস নাউ।
২০২১ সালের জুনে স্যামসাং স্টোরে নতুন ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন সুবিধা বন্ধ করে দেয়। তবে টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা পুরনো অ্যাপ ডাউনলোডের জন্য ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। টাইজেন হেল্প প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ৩১ ডিসেম্বরের পর থেকে আনুষ্ঠানিকভাবে টাইজেন অ্যাপ স্টোর চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে। কোনো ব্যবহারকারী সেখানে প্রবেশ করলে স্ক্রিনে এরর কোড দেখত পাবেন।
স্যামসাং গ্যালাক্সি জি৪ ছিল সর্বশেষ টাইজেন অপারেটিং সিস্টেম পরিচালিত ডিভাইস। ২০১৭ সালে এটি বাজারে আনা হয়েছিল। তবে স্যামসাং টাইজেন ওএস ব্যবহারের মাধ্যমে স্মার্টওয়াচ বাজারজাত অব্যাহত রেখেছিল। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ সিরিজ ৪-এর মাধ্যমে স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেমেও পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। নতুন ডিভাইসগুলোয় গুগলের ওয়্যার ওএস ব্যবহার করা হয়েছিল। সংশ্লিষ্টদের ধারণা, আসন্ন স্মার্টওয়াচগুলোয়ও এটি ব্যবহার করা হবে।
স্যামসাংয়ের আগের স্মার্টওয়াচগুলোয় থার্ড পার্টি অ্যাপ সাপোর্ট ছিল না। যে কারণে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ওয়্যার ওএসভিত্তিক ওয়ান ইউজার ইন্টারফেসের গ্যালাক্সি ওয়াচ ৪-এর মাধ্যমে এ সমস্যার সমাধান হয়। স্মার্টওয়াচটি প্লে স্টোরের মাধ্যমে ব্যবহারকারীদের একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা দিয়েছিল।










