অ্যালফাবেট মালিকানাধীন গুগল জানিয়েছে, পুরো ইউরোপে রাশিয়ান চ্যানেল আরটি ও স্পুৎনিকের অ্যাপ প্লে স্টোর থেকে ব্লক করে দিয়েছে তারা। এর আগে গুগলের খবরকেন্দ্রিক ফিচার থেকেও রাশিয়ার রাষ্ট্রীয় প্রকাশকদের সরিয়ে দেয়া হয়। পাশাপাশি গুগল সার্চ টুল থেকেও তাদের সরিয়ে দেয়া হয়। খবর রয়টার্স।
ইউক্রেন সংকটের এ সময়ে বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান সম্প্রতি রাশিয়ার সংবাদমাধ্যমের খবর পরিবেশন ও বিজ্ঞাপন টুল সীমিত করে। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে—এমন উদ্বেগে ইউরোপীয় কমিশনও এসব সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা জানিয়েছে।
আরটির ডেপুটি এডিটর ইন চিফ অ্যানা বেলকিনা মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের সংবাদমাধ্যমের খবর পরিবেশন বন্ধ করে দিয়েছে, তারা এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি যে এখানে মিথ্যা খবর প্রচার করা হয়েছে।
তবে এ বিষয়ে স্পুটনিকের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। অ্যাপল মঙ্গলবার জানিয়েছে, রাশিয়ার বাইরে আর কোনো দেশের অ্যাপ স্টোর থেকে আরটি নিউজ ও স্পুৎনিক নিউজ ডাউনলোড করা যাচ্ছে না।










