একটি সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বিধ্বস্ত দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ইন্টারনেট সংযোগ ফেরাতে উদ্যোগী হয়েছে ইলোন মাস্কের স্পেসএক্স। বিশ্বস্ত একটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।
প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশী দ্বীপরাষ্ট্র ফিজির সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রাকৃতিক বিপর্যয়ে পড়া দেশটির সঙ্গে বাকি বিশ্বের সংযোগ রক্ষাকারী ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ব্যাহত হয় নেট পরিষেবা।
সেই ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক পুনরুদ্ধারে টোঙ্গার সাহায্যে এগিয়ে এসেছে স্পেসএক্স নিয়ন্ত্রণাধীন স্যাটেলাইট নেটওয়ার্ক কোম্পানি স্টারলিংক। ফিজির অ্যাটর্নি জেনারেল আইয়াজ সইদ খাইয়ুম এক টুইটে জানান, স্পেসএক্সের একটি দল এখন ফিজিতে। তারা টোঙ্গায় পুনরায় ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে একটি স্টারলিংক গেটওয়ে স্টেশন স্থাপন করছে। গত মাসে মাস্ক নিজেই টুইট করে জানিয়েছিলেন যে টোঙ্গাকে সাহায্য করতে সক্ষম স্টারলিংক। এবার ফিজিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, স্টারলিংকের টেকনিশিয়ানরা ফিজিতে ছয় মাসের জন্য একটি গ্রাউন্ড স্টেশন পরিচালনা করবেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি “হুঙ্গা টোঙ্গাহুঙ্গা হা‘পাই”
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দেখা দেয় সুনামি। আগ্নেয় ছাইয়ে ঢেকে যায় ১ লাখ ৫ হাজার জনসংখ্যার দেশ টোঙ্গা ও তার আশপাশের এলাকা। আর তাতেই ক্ষতিগ্রস্ত হয় এ অপটিক্যাল ফাইবার কেবল। সে সংযোগ পুনরুদ্ধারে কেবল রিপেয়ারিং শিপ রিলায়েন্স এক সপ্তাহ ধরে কাজ করছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে স্পেসএক্সের কাছে ই-মেইল পাঠানো হলে জবাব পাওয়া যায়নি। এছাড়া টোঙ্গার প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা রাষ্ট্রীয় টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছ থেকেও কোনো তথ্য যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। প্রশান্ত মহাসাগরীয় প্রত্যন্ত দ্বীপরাষ্ট্র হওয়ায় এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে দেশটি থেকে সরাসরি যোগাযোগ স্থাপন কঠিন হয়ে পড়েছে।










