কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া চীনের ডিজিটাল মিউজিক প্লাটফর্মগুলো নতুন করে কপিরাইট চুক্তি করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির কপিরাইট কর্তৃপক্ষ। ডিজিটাল ও প্রাইভেট কোম্পানিগুলোর একচেটিয়া বাণিজ্য ঠেকাতে চলমান কঠোর পদক্ষেপের মধ্যে এমন ঘোষণা এসেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

দেশটির প্রযুক্তি সেক্টরের একচেটিয়া মনোভাব ও অসম প্রতিযোগিতা দমনে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে চীনা নিয়ন্ত্রক সংস্থাগুলো। চলমান এ ক্র্যাকডাউনের মধ্যেই এ আদেশ  আসে।

গত বৃহস্পতিবার বেইজিংয়ে প্রভাবশালী ডিজিটাল মিউজিক প্লাটফর্ম এবং বিভি রেকর্ডিং ও গানের কপিরাইট কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করে দ্য ন্যাশনাল কপিরাইট অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না। এ বৈঠক থেকেই কপিরাইট-সংক্রান্ত ওই আদেশ এসেছে বলে কর্তৃপক্ষের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত এক বক্তব্য থেকে জানা যায়। তবে কোন কোন কোম্পানির সঙ্গে বৈঠক হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।

চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন চুক্তি গ্রহণ বন্ধ করেছে দেশটির টেক জায়ান্ট টেনসেন্ট হোল্ডিংস। দেশটির এক্সক্লুসিভ মিউজিক লাইব্রেরির ৮০ শতাংশের বেশি রিসোর্স নিজেদের কাছে রেখেছে টেনসেন্ট। কোম্পানিটির এমন একচেটিয়া মনোভাবের কারণে উঠতি কপিরাইট কোম্পানিগুলো বিপত্তির মুখে পড়ছে এবং নতুন শিল্পীদের সামনে আসার সুযোগও সীমাবদ্ধ হয়ে পড়ছে বলে দাবি নিয়ন্ত্রক সংস্থার।

টেনসেন্ট ছাড়াও সেলফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি, টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান চায়না মোবাইল এবং ইন্টারনেট টেক জায়ান্ট নেটইজের আলাদা স্ট্রিমিং প্লাটফর্ম রয়েছে।