উন্নত প্রযুক্তি ও ফিচার নিয়ে আইওএস ব্যবহারকারীদের অন্যতম অনুষঙ্গ ছিল এয়ারপডস প্রো। ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ডিভাইসটির সফলতার সূত্র ধরে শিগগিরই এয়ারপডস প্রো ২ বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। এজন্য নতুন পেটেন্টও করেছে প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।

মূলত প্রো মডেল থেকে সাধারণগুলোকে আলাদা করতে বেশকিছু ফিচারে পরিবর্তন আনবে প্রতিষ্ঠানটি। তবে প্রো মডেলেও নতুন কিছু যুক্ত করা হবে। এর অংশ হিসেবে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি নতুন পেটেন্ট আবেদন করেছে। ইন্টারাপ্ট ফর নয়েজ ক্যানসেলিং অডিও ডিভাইসেস নামে এ আবেদন করা হয়েছে, যা মূলত একটি অটোমেটিক ট্রান্সপারেন্সি মোড।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কখন অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার বন্ধ করতে হবে সেটি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীরা এক বা একাধিক পূর্বনির্ধারিত কন্ট্যাক্ট এ ফিচারের তালিকায় যুক্ত করতে পারবেন। এক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইস, মৌখিক যোগাযোগ বা অন্যান্য শব্দ চিহ্নিতের মাধ্যমে তালিকা তৈরি করা যাবে।

অর্থাৎ এয়ারপডস ব্যবহারের সময় অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু থাকবে। কিন্তু ব্যবহারকারী যখন নির্ধারিত কন্ট্যাক্ট বা ব্যক্তির কাছাকাছি আসবেন তখন ট্রান্সপারেন্সি মোড চালু হয়ে যাবে।