রাশিয়ায় অনির্দিষ্টকালের জন্য আঞ্চলিক অফিস বন্ধ করে দিয়েছে অডিও স্ট্রিমিং ও মিডিয়া প্লাটফর্ম স্পটিফাই। ইউক্রেনে মস্কোর সামরিক আগ্রাসনের প্রতিবাদস্বরূপ এ সিদ্ধান্ত নিয়েছে প্লাটফর্মটি। খবর রয়টার্স।
২০২১ সালের জুলাই থেকে রাশিয়ায় পাঁচ লাখের বেশি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আঞ্চলিক অফিস খোলার জন্য নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আসছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত নীতিমালা অনুসরণ না করলে প্রতিষ্ঠানগুলোকে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও নীতিমালায় উল্লেখ রয়েছে। মার্চে শেষ হওয়া সময়সীমার আগ পর্যন্ত স্পটিফাইসহ অল্প কয়েকটি প্রতিষ্ঠান এ নীতি অনুসরণ করে চলেছে।
গত সপ্তাহ থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন পরিচালনা করছে রাশিয়া। মস্কো এটিকে স্পেশাল অপারেশন নাম দিয়েছে। এরপর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে যেকোনোভাবে চাপ প্রয়োগের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানায়।










