কম্পিউটারের ব্যবহারকারীদের জন্য নতুন লেন্স শর্টকাটের পরীক্ষা চালাচ্ছে গুগল। ৯টু৫গুগলের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, সার্চ বারে নতুন শর্টকার্ট যুক্ত করতে কাজ করছে গুগল। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।
৯টু৫গুগলের প্রতিবেদনে বলা হয়, এ/বি পরীক্ষার অংশ হিসেবে কিছু ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছে গেছে। এসব ব্যবহারকারী সার্চবক্সে মাইক্রোফোন বাটনের কাছে গুগল লেন্সের আইকন দেখতে পারছেন। নতুন আপডেট আসার আগ পর্যন্ত ব্যবহারকারীরা ব্রাউজারের কনটেক্সট মেনু থেকে এটি ব্যবহার করতেন।
প্রতিবেদনে আরো বলা হয়, লেন্স আইকনে ক্লিক করার পর ব্যবহারকারীরা নতুন ইমেজ অনুসন্ধান উইন্ডো দেখতে পাবেন। যে কেউ চাইলে ড্র্যাগ-ড্রপ পদ্ধতিতে বা ম্যানুয়ালি ছবি যুক্ত করার মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আইকন ব্যবহার করে কোনো ছবি অনুসন্ধানের পর ব্যবহারকারীরা বাম পাশে আপলোড করা ছবি এবং ডান পাশে প্রাসঙ্গিক সার্চ রেজাল্ট দেখতে পাবেন।
ব্যবহারকারীরা চাইলে মোবাইলের মতো কম্পিউটারেও ছবির নির্ধারিত অংশ ক্রপ করে খুঁজতে পারবেন। ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে থাকায় এখনো সবার কাছে এটি পৌঁছেনি। সংশ্লিষ্টদের আশা শিগগিরই গুগল আনুষ্ঠানিকভাবে ফিচারটি উন্মুক্ত করবে। লেন্সের পাশাপাশি সার্চ অ্যাপের নতুন ডিজাইন নিয়েও কাজ করছে গুগল। ৯টু৫গুগলের পুরনো প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটি সার্চের ইমেজ ভিউয়ার পরিবর্তনে কাজ করছে। প্রতিবেদনে বলা হয়, নতুন ইন্টারফেসটি ম্যাটারিয়াল ইউ ডিজাইন ল্যাংগুয়েজ নির্ভর হবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের ডায়নামিক থেমিং সিস্টেমের সঙ্গে কাজ করবে।










