কিশোর বয়সী ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্ক কনটেন্ট থেকে দূরে রাখতে নতুন ফিচার নিয়ে কাজ করছে টিকটক। বয়সভেদে কনটেন্টের শ্রেণীবিন্যাস নির্ধারণের কথা বলেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

সাম্প্রতিক বছরগুলোয় তরুণ ও কিশোর বয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টিকটক। সম্প্রতি প্রাপ্তবয়স্কদের উপযোগী কনটেন্টে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশাধিকার কীভাবে ঠেকানো যায়, সে বিষয়ে ছোট পরিসরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে ব্যবহারকারী নিজে এবং অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অভিভাবকের মাধ্যমে কনটেন্ট ‘রেসট্রিকটেড’ করে রাখার সম্ভাব্যতা ও কার্যকারিতা যাচাই করে দেখছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চীনের টেক জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বলছে, সিনেমা ও গেমিং খাতে যে রেটিং মান প্রয়োগ করা হয়, তার ভিত্তিতেই নিজস্ব মান নির্ধারণের চেষ্টা করছে তারা। কনটেন্ট শুধু প্রাপ্তবয়স্করা দেখতে পাবেন কিনা, নির্মাতাদের জন্য সেটি নির্ধারণ করে দেয়ার ফিচার নিয়েও পরীক্ষা চালানোর কথা জানিয়েছে টিকটক।

কম বয়সী ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য অগ্রাহ্য করার অভিযোগে সম্প্রতি বিপাকে পড়েছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমগুলো। বিশেষ করে মার্কিন আইনপ্রণেতাদের কঠোর সমালোচনার মুখে পড়েছে মেটা প্লাটফর্মসের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ।

ক্ষতিকর খাদ্যাভ্যাস প্রচারের অভিযোগে বিতর্কিত হয়েছে টিকটকও। তবে প্রতিষ্ঠানটি বরাবরই বলে এসেছে যে এমন কনটেন্ট নিয়মিত মুছে দেয় তারা।