বিশ্বব্যাপী চলমান সরবরাহ চেইন সংকট ও লজিস্টিকস সমস্যা থাকা সত্ত্বেও ভারতে ব্যক্তিগত কম্পিউটার বিক্রি বেড়েছে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে ৪৫ লাখ পিসি বিক্রি হয়েছে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বিক্রি বেড়েছে ৩০ শতাংশ। এ নিয়ে টানা পাঁচ প্রান্তিকে প্রবৃদ্ধি দেখল ভারতের পিসি বাজার।
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ডেস্কটপ, নোটবুক ও ওয়ার্কস্টেশনসহ অন্যান্য পিসি বিক্রির রেকর্ড গড়েছে ভারত। ৮০ শতাংশ বাজার শেয়ারের মাধ্যমে শীর্ষে ছিল নোটবুক। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের থেকে চাহিদা বৃদ্ধিতে গত প্রান্তিকে ভারতে নোটবুকের বিক্রি ৩০ লাখ ইউনিট ছাড়িয়েছে। ধীরে ধীরে অফিস-আদালত চালু হওয়ায় ডেস্কটপ পিসি বিক্রি হয়েছে ৩০ দশমিক ৫ শতাংশ।
ভারতের বাজারে নোটবুকের চাহিদা এখনো বেশ চাঙ্গা। তবে পর্যাপ্ত জোগান না থাকায় বিদ্যমান চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে বিক্রেতারা। তৃতীয় প্রান্তিকে ভারতের বাজারে সর্বোচ্চ পিসি বিক্রি করেছে এইচপি। এ নিয়ে টানা তৃতীয় প্রান্তিকের মতো ভারতের বাজারে শীর্ষস্থান ধরে রাখল মার্কিন এ প্রযুক্তি জায়ান্টটি। বাণিজ্যিক ও ভোক্তা সেগমেন্টে ২৮ দশমিক ৫ শতাংশ বাজার শেয়ার ছিল এইচপির। বাণিজ্যিক সেগমেন্টে ৩০ শতাংশ বাজার শেয়ারের মাধ্যমে নিরঙ্কুশ অবস্থান তাদের। তবে ভোক্তা সেগমেন্টে এইচপির বাজার শেয়ার কিছুটা কমে ২৫ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।
সার্বিক পিসির বাজারে ২৩ দশমিক ৮ শতাংশ বাজার শেয়ার নিয়ে দ্বিতীয় স্থান ডেল টেকনোলজিসের। প্রথমবারের মতো ভারতে ডেলের পিসি বিক্রি ১০ লাখ ইউনিট ছাড়িয়েছে। ভোক্তা সেগমেন্টে ১৯ দশমিক ২ শতাংশ বাজার শেয়ারের মাধ্যমে লেনোভোকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি।
জুলাই-সেপ্টেম্বরে ১৮ দশমিক ৬ শতাংশ বাজার শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লেনোভো।
বাণিজ্যিক সেগমেন্টের পিসি বিক্রি বেড়েছে ১৯ শতাংশ। তবে ভোক্তা সেগমেন্টে চীনা পিসি জায়ান্টের প্রবৃদ্ধি কমে তিন দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।
তৃতীয় প্রান্তিকে ৮ দশমিক ৬ শতাংশ বাজার শেয়ার নিয়ে এসার গ্রুপের অবস্থান চতুর্থ। তাদের পিসি বিক্রি হয়েছে ৩ লাখ ৮১ হাজার ইউনিট। বাণিজ্যিক ডেস্কটপ সেগমেন্টে ৩১ দশমিক ৫ শতাংশ শেয়ার এসারের। বাণিজ্যিক পিসি বিক্রিতে শক্তিশালী অবস্থানের ফলে গত বছরের একই প্রান্তিকের তুলনায় এসারের বিক্রি বেড়েছে ৫৫ দশমিক ৭ শতাংশ।
৮ দশমিক ৫ শতাংশ বাজার শেয়ার নিয়ে ভারতে পঞ্চম সর্বোচ্চ পিসি বিক্রেতা ছিল আসুস। প্রথমবারের মতো তিন লাখের অধিক পিসি বিক্রি করেছে তাইওয়ানভিত্তিক কোম্পানিটি।
আইডিসি ইন্ডিয়ার রিসার্চ ম্যানেজার জয়পাল সিং জানান, পিসি বাজারে টানা পাঁচ প্রান্তিকের প্রবৃদ্ধি শেষে ইদানীং শ্লথগতির আভাস পাওয়া যাচ্ছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস চালুতে পিসির চাহিদা কিছুটা কমতির দিকে। তবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক খাতে পিসির চাহিদা এখনো শক্তিশালী রয়েছে।










