ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক সামাজিক প্লাটফর্ম হরাইজন ওয়ার্ল্ডসের ব্যবহারকারীর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। গত ডিসেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় প্লাটফর্মটি উন্মুক্ত করে মেটা। এর পর থেকে মাসিক ১০ গুণ হারে এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সংখ্যাটি বর্তমানে তিন লাখে পৌঁছেছে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান প্রডাক্ট অফিসার ক্রিস কক্স। খবর দ্য ভার্জ।

প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভার্চুয়াল রিয়ালিটিতে নিয়ে যাওয়ার জন্য মেটাভার্স নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ‘মেটা’ নামটির  রিব্র্যান্ডিং এবং ভার্চুয়াল রিয়ালিটি ও মেটাভার্সের জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাণে প্রতিষ্ঠানটি প্রতি বছর কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। তবে তাদের বিনিয়োগের ফল কতটা পাওয়া যাচ্ছে সে সম্পর্কে এখন পর্যন্ত খুব কমই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার প্রধান মনোযোগ এখন হরাইজন ওয়ার্ল্ডস এবং এটি ব্যবহারের জন্য নির্মিত কোয়েস্ট হেডসেটে। হরাইজন ওয়ার্ল্ডসকে ‘আমাদের মেটাভার্সের মূল ভিত্তি’ হিসেবে উল্লেখ করেছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ।

প্রতিষ্ঠানটির মুখপাত্র জো অসবর্ন জানান, হরাইজন ব্যবহারকারীদের মোট সংখ্যার একটা অংশ হরাইজন ভেনুজের। এটি লাইভ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেয়ার একটি আলাদা অ্যাপ এবং এর অ্যাভাটার ও কার্যপদ্ধতি হরাইজন ওয়ার্ল্ডসের মতোই।

ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক সামাজিক প্লাটফর্ম হিসেবে হরাইজন ওয়ার্ল্ডস ফেসবুক হরাইজন নামে প্রথম বাজারে আসে ২০১৯ সালে। তখন এটিকে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে ব্যবহার করা হতো। পরে পূর্ণাঙ্গ সংস্করণ হিসেবে বাজারে আসে ২০২১ সালের ডিসেম্বরের শুরুর দিকে। এখানে ব্যবহারকারীরা পা-বিহীন অ্যাভাটার হিসেবে নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন এবং নিজেদের পৃথিবী যার যার ইচ্ছামতো সাজাতে পারবেন। সেখানে তারা বন্ধুদের নিয়ে ঘুরতে বা আড্ডা দিতে পারবেন এবং গেম খেলতে পারবেন।