কয়েক মাস আগে চীনের বাজারে ফ্ল্যাগশিপ সিরিজের নতুন দুটি স্মার্টফোন উন্মুক্ত করেছিল অনর। অনর ৬০ ও ৬০ প্রোর পাশাপাশি এবার ফাইভজি প্রযুক্তি-সংবলিত অনর ৬০ এসই স্মার্টফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
অনর এরই মধ্যে চীনের ব্যবহারকারীদের কাছ থেকে স্মার্টফোনটি সংগ্রহের প্রি-অর্ডার নেয়া শুরু করেছে। ১৮ ফেব্রুয়ারি থেকে দেশটির সব চ্যানেলে অনর ৬০ এসই স্মার্টফোনটির বাজারজাত শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন স্মার্টফোন বাজারজাতের বিষয়ে ঘোষণা দিলেও ফোনটির সম্পূণ বৈশিষ্ট্যের বিষয়ে জানা যায়নি।
নতুন অনর ৬০ এসই স্মার্টফোনটিতে ১২০ হার্টজের রিফ্রেশ রেট ও ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। প্রকাশিত টিজার ইমেজের তথ্যানুযায়ী, স্মার্টফোনটির ডিসপ্লের মাঝ বরাবর একটি পাঞ্চহোল ডিজাইন থাকবে। যেখানে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৬৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেয়া হবে।
পূর্বে প্রকাশিত প্রতিবেদনের তথ্য সত্য প্রমাণিত হলে অনর ৬০ এসই স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। প্রথমেই ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এরপর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সব শেষে ২ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরাটি দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড-ভিত্তিক ম্যাজিক ইউআই ৫ থাকবে। ব্যাটারি সম্পর্কে তেমন কোনো তথ্য না জানা গেলেও স্মার্টফোনটিতে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে বলে জানা গেছে।
কানেক্টিভিটির দিক থেকে অনরের নতুন স্মার্টফোনটিতে ফাইভজি, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম রেডিও ও ইউএসবি টাইপ সি কেবল রয়েছে। ডিভাইসটিতে প্রক্সিমিটি, এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইটসহ একাধিক সেন্স রয়েছে। বাজারে কালো, সবুজ ও সাদা রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২ হাজার ১৯৯ ইউয়ান। পাশাপাশি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের স্মার্টফোনটি পাওয়া যাবে। এর মূল্য ২ হাজার ৪৯৯ ইউয়ান।
স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে আনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে ভারতসহ কোনো দেশের বাজারে স্মার্টফোনটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
—গিজমোচায়না ও গ্যাজেটস থ্রিসিক্সটি










