গত বছরের চতুর্থ প্রান্তিকে মুনাফা বেড়েছে সুইডেনভিত্তিক এরিকসনের। মূল ভূখণ্ড চীনে বাজার হিস্যা কমলেও বিশ্বের অনেক দেশে ফাইভজি নেটওয়ার্ক ইকুইপমেন্ট ও টেলিকম গিয়ার বিক্রি বেড়েছে। খবর রয়টার্স।

রেফিনিটিভ ডাটার উপাত্তে বলা হয়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এরিকসনের পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ১৯০ কোটি সুইডিশ ক্রাউন বা ১২৮ কোটি ডলার। সুইডিশ টেলিকম জায়ান্টটির আয় ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৩০ কোটি ক্রাউন। বিশ্লেষকদের আয়ের পূর্বাভাস ছিল যেখানে ৬ হাজার ৮৩৩ কোটি ক্রাউন।

এরিকসনের সিএফও কার্ল মেলান্ডার জানান, গত প্রান্তিকে উত্তর আমেরিকায় আমাদের ব্যবসা কার্যক্রম ১৬ শতাংশ সম্প্রসারণ হয়েছে। নকিয়া যদিও বেশ কয়েকটি দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তবে ইউরোপ ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে সম্প্রসারণ হয়েছে এরিকসন।