সেমিকন্ডাক্টর বা চিপ সংকট বিশ্বের বিভিন্ন শিল্প খাতে বিরূপ প্রভাব ফেলেছে। কম্পিউটারের বাজারও খুব একটা ভালো অবস্থানে নেই। গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) অত্যধিক দাম ও সরবরাহ সংকটও প্রকট। এমন মুহূর্তে জিপিইউ বাজারজাতে কাজ শুরু করেছে ইন্টেল। খবর গিজমোচায়না।
যুক্তরাষ্ট্রের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বর্তমানে নিজস্ব গ্রাফিক কার্ড তৈরিতে কাজ করছে। নতুন জিপিইউগুলো আর্ক সিরিজের অন্তর্গত হবে এবং শিগগিরই বাজারে উন্মুক্ত করা হবে বলে জানা গেছে। করোনা মহামারীসহ বিভিন্ন কারণে কম্পিউটার বাজারে জিপিইউ সংকট দীর্ঘদিন থেকেই চলমান। সে সময় অনেকেই ইন্টেলের আর্ক জিপিইউ সিরিজের জন্য অপেক্ষা করছিলেন। সংশ্লিষ্টদের আশা ছিল আর্ক জিপিইউ সরবরাহের মাধ্যমে কিছুটা হলেও সংকটের অবসান হবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জিপিইউ বাজারজাতের বিষয়ে আশ্বাস দিয়েছেন।
এক টুইট বার্তায় ইন্টেলের এএক্সজি গ্রুপের জেনারেল ম্যানেজার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজা কদুরি জানান, বর্তমানে কম্পিউটার গেমাররা যে সমস্যার মুখে রয়েছেন, সেটির সমাধানে বিশ্বের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি কাজ করছে।
তিনি জানান, ইন্টেল এমন একটি পদ্ধতি খুঁজছে, যার মাধ্যমে প্রতি বছর হাজার হাজার গেমারের হাতে আর্ক জিপিইউ পৌঁছে দেয়া যায়। বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রকোপ ও রিসেলারদের কারণে জিপিইউর বাজারে যে বিরূপ প্রভাব পড়েছে, ইন্টেলের এ উদ্যোগ সেখানে আশার সঞ্চার করবে।










