এক্সবক্স ক্লাউড গেমিংয়ে শিগগিরই কি-বোর্ড ও মাউস ব্যবহারের সুবিধা চালু করবে মাইক্রোসফট। সম্প্রতি গেমারদের জন্য ফ্লাইট সিমুলেটর যুক্ত করেছে প্রযুক্তি জায়ান্টটি। তবে পিসি ভার্সনের মতো এখানে কি-বোর্ড ও মাউস ব্যবহারের সুবিধা নেই। খবর এনগ্যাজেট।
ফ্লাইট সিমুলেটর চালুর পর থেকে গেমাররা এক্সবক্স ওয়ান, স্মার্টফোন, ট্যাব ও ওয়েব ব্রাউজারে ক্লাউডের মাধ্যমে গেম খেলতে পারছে। তবে পিসি ভার্সনের টাইটেলের মতো শিগগিরই কি-বোর্ড ও মাউস ব্যবহারের সুবিধা চালু করবে মাইক্রোসফট। ফ্লাইট সিমুলেটর বিভাগের প্রধান জর্জ নিউম্যান এ কথা জানান। ডেভেলপারদের প্রশ্নোত্তর পর্বে নিউম্যান জানান, ফিচারটির জন্য প্লাটফর্ম লেভেল সাপোর্ট যুক্ত করার জন্য মাইক্রোসফট কাজ করছে। অর্থাৎ এক্সবক্স ক্লাউডের অধিকাংশ গেমেই এ ইনপুট মেথড যুক্ত করা হবে। তবে ফিচারটি কবে নাগাদ চালু করা হবে, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি। ভার্জের কাছে মাইক্রোসফটের একজন মুখপাত্র ফিচারটি নিয়ে কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্লাইট সিমুলেটর চালুর প্রথম দিকে স্ট্যান্ডার্ড কন্ট্রোলার ব্যবহার করা যেত। বর্তমানে ডেভেলপার টিম টাচ ও জায়রো সেন্সরের ব্যবহার নিয়ে কাজ করছে। কি-বোর্ড ও মাউস ব্যবহারের ফিচার চালুর পর কয়েকটি কারণে এক্সবক্স ক্লাউড গেমিং আরো সহজ হবে। প্রথমত এর মাধ্যমে কম্পিউটার ও ম্যাকের গেমাররা গেমপ্যাড কেনা ছাড়াই হালো ইনফিনিটের মতো গেম খেলতে পারবে। দ্বিতীয়ত এর মাধ্যমে মাইক্রোসফট সহজেই এজ অব এম্পায়ার ফোরের মতো কম্পিউটার গেম এ পরিষেবায় যুক্ত করতে পারবে।










