ইউরোপে দ্বিতীয় চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে পূর্ব জার্মানির ম্যাগডেবার্গ শহর নির্বাচন করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট ইন্টেল। আগামী ৪ মার্চ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।
গত সেপ্টেম্বরে প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছিল, আগামী এক দশকে ইউরোপে নতুন দুটি চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে ৯ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি ২০২১ সালের শেষ নাগাদ কেন্দ্র দুটির বিস্তারিত তথ্য প্রকাশ করবে। তবে শেষ পর্যন্ত ইন্টেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে গুরুত্বপূর্ণ জায়গার তালিকায় জার্মানি শীর্ষে ছিল। পাশাপাশি বাভারিয়ার পেনজিং, ম্যাগডেবার্গ ও ড্রেসডেনের স্থানীয় সরকার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটিকে আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপে নতুন উৎপাদন কেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত ইন্টেলকে অপেক্ষা করতে হবে। ইউরোপিয়ান চিপ নীতিমালার লক্ষ্য হচ্ছে চিপের চাহিদা পূরণে এশিয়া নির্ভরতা কমানো এবং দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দেয়ার মাধ্যমে চিপ উৎপাদন শিল্পের প্রসার ঘটানো।
গত বছর ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট্রিক গেলসিঙ্গার ইউরোপ ভ্রমণ করেন। সূত্রের তথ্যানুযায়ী, সরকারের ভর্তুকি, স্থিতিশীল পরিবেশ ও দক্ষ শ্রমিক জার্মানিতে চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে গেলসিঙ্গারকে আকৃষ্ট করেছে। দেশটি বিশ্বের বেশকিছু সুপরিচিত গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উত্পত্তিস্থল। বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের কারণে এসব প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।










