ডেস্কটপ ও ওয়েব ভার্সনে টু স্টেপ ভেরিফিকেশন ফিচার চালু করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপদ অভিজ্ঞতা প্রদানে এ উদ্যোগ নিয়েছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। খবর গ্যাজেটস নাউ।

ওয়েবেটাইনফোর তথ্যানুযায়ী, ভবিষ্যতে আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ও ওয়েব ভার্সনের জন্য টু স্টেপ ভেরিফিকেশন ফিচার চালু করবে মেসেজিং প্লাটফর্মটি। দুটি ভার্সনে কীভাবে ফিচারটি চালু ও বন্ধ করা যাবে তার একটি স্ক্রিনশট প্রকাশ করেছে ওয়াবেটাইনফো।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, শিগগিরই ডেস্কটপ ও ওয়েব ক্লায়েন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা যাবে। যখন কেউ তাদের স্মার্টফোন হারিয়ে ফেলেন বা পাসওয়ার্ড ভুলে যান, সে সময় ফিচারটি সহায়তা করবে। এ সময় ব্যবহারকারীরা রিসেট লিংক রিকোয়েস্টের মাধ্যমে পুনরায় পিন রি-স্টোর করতে পারবেন। তবে ব্যবহারকারী যদি ই-মেইল অ্যাকাউন্টে সাময়িক সময়ের জন্য প্রবেশ না করতে পারেন তাহলে লিংক পাওয়া যাবে না বলেও জানায় ওয়াবেটাইনফো।

বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের জন্য টু স্টেপ ভেরিফিকেশন ফিচার চালু রয়েছে। যখন হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয় তখন ছয় সংখ্যার পিন নম্বর যুক্ত করতে হয়। পাশাপাশি মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড থেকে আইফোনে চ্যাট স্থানান্তরের ফিচার নিয়েও কাজ করছে। সর্বশেষ বেটা ভার্সনে ফিচারটি দেখা গেছে। তবে সবার জন্য এখনো এটি উন্মুক্ত করা হয়নি।