দীর্ঘদিনের গুঞ্জনকে সত্য প্রমাণ করে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেইলরে চালু হচ্ছে স্যামসাংয়ের চিপ কারখানা। ওয়াল স্ট্রিট জার্নাল এ খবরটি নিশ্চিত করে জানায়, ১ হাজার ৭০০ কোটি ডলার ব্যয়ে টেইলরে চালু হতে যাচ্ছে কারখানাটি।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক ঘোষণায় এ কারখানা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। টেইলর শহরের উইলিয়ামসন কাউন্টিকে নিজেদের চিপ কারখানার জন্য উপযুক্ত বিবেচনা করেছে স্যামসাং। আশা করা যাচ্ছে টেক্সাস কর্তৃপক্ষ থেকে বেশকিছু সুবিধা এবং বড় অংকের প্রণোদনা পাবে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। নতুন কারখানায় নির্মিত চিপ মোবাইল ডিভাইস ও স্বচালিত গাড়িতে ব্যবহূত হবে। সেমিকন্ডাক্টর স্বল্পতায় বৈশ্বিক গাড়ি শিল্প যখন ধুঁকছে তখন স্যামসাংয়ের এ নতুন কারখানা স্থাপন কিছুটা আশার বার্তা দিল।
টেইলরে কারখানা চালু হলে এটা হবে টেক্সাসে বিশ্বের শীর্ষ মেমরি চিপ নির্মাতার দ্বিতীয় কারখানা। অস্টিনে অন্য একটি কারখানায় আগে থেকেই সেমিকন্ডাক্টর তৈরি হয়ে আসছে।










