বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ১৮৭ রানের বড় সংগ্রহ গড়ে ফরচুন বরিশাল। এতে টানা দ্বিতীয় জয়ের আশা জাগে দলটির। যদিও তাদের চরমভাবে হতাশ করল খুলনা টাইগার্স। এনামুল হক বিজয়, এভিন লুইস, আফিফ হোসেন ও শাই হোপের ব্যাটে ভর করে ১২ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করে খুলনা। এটা টাইগার্সের দ্বিতীয় জয়।

 

ক্যারিবিয়ান হার্ডহিটার এভিন লুইস ২২ বলে ৫৩ রানের টর্নেডো ইনিংস খেলে দিলে খুলনার জয়ের ভিতটা তৈরি হয়ে যায়। এনামুল হককে নিয়ে মাত্র ৩৩ বলে ৭৭ রানের জুটি গড়ে তিনি ফেরেন সাজঘরে। ৫টি চার ও ৫টি ছক্কায় ৫৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে মোহাম্মাদ ইমরানের শিকার হন লুইস। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে আফিফকে নিয়ে ৫৯ বলে ৭৭ রান যোগ করে খুলনাকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান এনামুল। বামহাতি আফিফ ৩৬ বলে ৪১ রান করে ইমরানের শিকার হন। এরপর শাই হোপকে নিয়ে ১৭ বলে ৩৬ রান যোগ করে খুলনা জয় নিশ্চিত করেন তিনি। হোপ ১০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। ম্যাচসেরা এনামুল অপরাজিত থাকেন ৪৪ বলে ৬৩ রান করে। ইনিংসটি সাজান তিনি সমান ৩টি করে চার ও ছক্কায়।


 

এর আগে মুশফিকুর (৩৯ বলে ৬৮), তামিম (৩৩ বলে ৪০) ও মাহমুদউল্লাহ (১৯ বলে ২৭) দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন। যদিও বরিশালের হারে তাদের প্রচেষ্টা বিফলেই গেল।

 

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে বরিশাল। এদিন দুপুরের ম্যাচে লড়বে রংপুর ও সিলেট।