আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলার মধ্যপথে হঠাৎ করে
অবসর নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে ম্যাচে তিনি নিজে
ও দল ব্যর্থ হওয়ার পরদিন তিনি এমন সিদ্ধান্তের কথা জানান। সিরিজের বাকি দুই ম্যাচে
তাহলে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে চলছিল জল্পনা। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সহ-অধিনায়ক লিটন কুমার দাসই পরের দুটি ওয়ানডে ম্যাচে
দলকে নেতৃত্ব দেবেন।
তিন ম্যাচ সিরিজে আফগানিস্তান ১-০তে এগিয়ে রয়েছে। বৃষ্টিবিঘ্নিত
প্রথম ম্যাচে বাংলাদেশকে ডিএলএস মেথডে ১৭ রানে হারায় অতিথি দলটি। শনিবার সিরিজের
দ্বিতীয় ম্যাচ। ১১ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচের ভেন্যু
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
লিটন এর আগে ভারপ্রাপ্ত হিসেবে টি২০ ও টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন। কাজেই এটা তার জন্য নতুন কোনো অভিজ্ঞতা হবে না। আজ চট্টগ্রামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক হিসেবে কথা বলেছেন লিটন দাস। সেখানে তাকে তামিম ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত কৌশলে উত্তর দিয়েছেন এভাবে, ‘এটা যদি তামিম ভাইয়ের অবসর সংক্রান্ত ইস্যু হয়, তবে তা বোর্ডের ব্যাপার। আমাদের আসলে সামনে এগিয়ে যেতে হবে। আর তামিম ভাই তো ইনজুরিতেও পরে ছিটকে যেতে পারতেন।’
তামিম অবসর নেয়ায় বাংলাদেশ
দলে ঢুকেছেন রনি তালুকদার। অবশ্য তিনি একাদশে সুযোগ পাবেন কিনা, সেটি নিশ্চিত নয়।
নাঈম শেখকেও ওপেনিংয়ে বিবেচনা করতে পারে ম্যানেজমেন্ট।










