পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন সাড়ে তিনশর কাছাকাছি রান তুলেছে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন ১২৫ বলে ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। এই বামহাতি ওপেনার ২১১ বলে ১৬৪ রান করে থেমেছেন। তার দুর্দান্ত এই নকে ভর করে অজিরা ৮৪ ওভারে ৫ উইকেটে ৩৪৬ রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে।

 

সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। উসমান খাজাকে নিয়ে ওপেনিং জুটিতে ১২৬ রান তুলে নেন ওয়ার্নার। এই জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। ৯৮ বলে ৪১ রান করে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন খাজা। দ্বিতীয় উইকেটে মারনাস লাবুশেনকে নিয়ে ৩৩ রান যোগ করেন তিনি। এরপর দলকে টানেন ওয়ার্নার ও স্মিথ। এ পথে ওয়ার্নার তুলে নেন ঝলমলে এক সেঞ্চুরি। ১৪টি চার ও ১ ছক্কায় তিনি পৌঁছে যান তিন অঙ্কে।

 

এরপর স্মিথকে (৩১) নিয়ে ১১৬ বলে ৭৯ ও ট্রাভিস হেডকে (৪০) নিয়ে ৯৪ বলে ৬৬ রান তোলেন ওয়ার্নার। ৭৫তম ওভারে অভিষিক্ত পেস বোলার আমির জামালের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে ইমাম-উল-হককে ক্যাচ দেন তিনি।   

 

নতুন অধিনায়ক শান মাসুদের অধীনে এই প্রথম টেস্ট খেলছে পাকিস্তান। দলে আছেন সাবেক অধিনায়ক বাবর আজম ও আরেক সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। আমির জামাল ছাড়াও এই টেস্টে অভিষেক ঘটেছে পেস বোলার খুররম শাহজাদের। এদিকে, উসমান খাজা ও নাথান লায়ন বাদে অস্ট্রেলিয়া দলের বাকি সবাই বিশ্বকাপজয়ী দলের সদস্য।