বাংলাদেশ নারী ক্রিকেট দলের সহ অধিনায়ক নাহিদা আক্তার নভেম্বর মাসে আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। এবার তিনি আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা পেলেন। আজ শ্রীলংকার চামারি আতাপাত্তুকে অধিনায়ক করে ১১ জনের দল ঘোষণা করেছে আইসিসি।

 

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে অস্ট্রেলিয়ার আধিপত্য। ১১ জনের দলে পাঁচজনই অস্ট্রেলিয়ার। দলটির নেতৃত্ব পেয়েছেন শ্রীলংকার নারী দলের অধিনায়ক চামারি। গত এক বছরে তিনি ৬৯.১৬ গড়ে ও ১২৫.৩৭ স্ট্রাইকরেটে ৪১৫ রান করেন। অস্ট্রেলিয়া ছাড়া একাধিক খেলোয়াড় একাদশে আছে শুধু নিউজিল্যান্ডের (২ জন)।

 

২০২৩ সালে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেন নাহিদা। গত নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিল নাহিদার। ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনি। সেই পারফরম্যান্স দিয়েই নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কার জেতেন নাহিদা।

 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে ৫ বলে ৭ রান দিয়ে ২ উইকেট শিকার করে বাংলাদেশকে জেতান নাহিদা। ঐ জয়ে সিরিজে সমতা পায় বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট নেন তিনি, বাংলাদেশ সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। এর আগে ভারতের বিপক্ষেও দারুণ ছন্দে ছিলেন তিনি। ১৫ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন নাহিদা।

 

গত দু-দিনে পাঁচ ক্যাটাগরির বর্ষসেরা দল ঘোষণা করে আইসিসি। ছেলে ও মেয়েদের বর্ষসেরা ওয়ানডে দল, ছেলে ও মেয়েদের বর্ষসেরা টি২০ দল এবং ছেলেদের বর্ষসেরা টেস্ট দল। বুধ ও বৃহস্পতিবার মোট ১৩টি ক্যাটাগরিতে বর্ষসেরা ব্যক্তিগত পুরস্কার দেয়া হবে।

 

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দল: ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), চামারি আতাপাত্তু (অধিনায়ক, শ্রীলংকা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), এমেলিয়া কের (নিউজিল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), ন্যাট শিভার-ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া), এনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিনে ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), লিয়া তাহুহু (নিউজিল্যান্ড), নাহিদা আক্তার (বাংলাদেশ)।

 

ছেলেদের বর্ষসেরা টেস্ট দল: উসমান খাজা (অস্ট্রেলিয়া), দিমুথ করুনারত্নে (শ্রীলংকা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া), প্যাট কামিন্স (অধিনায়ক, অস্ট্রেলিয়া), আর অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)।

 

ছেলেদের বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক, ভারত), শুভমান গিল (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড), হাইনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা), মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), মোহাম্মদ সিরাজ (ভারত), কুলদীপ যাদব (ভারত) ও মোহাম্মদ শামি (ভারত)।