স্কোর লাইন বলছে ভারত-বাংলাদেশের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়েছে।
তবে বাংলাদেশিত বটেই ফুটবলপ্রেমী দর্শক যারা খেলা দেখেছেন তাদের কাছে এই ড্র জয়ের সমান। ২৬ মিনিটে সুনীল ছেত্রীর গোল, দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড পেয়ে বিশ্বনাথ ঘোষের বিদায়, আর ফিফা র্যাংকিংয়ে দুদলের বড় ব্যবধান বলছে, এই ম্যাচে ভারতের পয়েন্ট হারানো অপ্রত্যাশিত।
মালদ্বীপের রাজধানী মালে বসেছে সাফ চ্যাম্পিয়ানশিপের ১৩তম আসর। টুর্নামেন্টের প্রথম দিনে শ্রীলংকার বিপক্ষে ১-০ তে জয়ের সুখস্মৃতি নিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টুর্নামেন্টে সবচেয়ে ফেবারিট ভারতের মোকাবেলায় জামাল ভূঁইয়াদের চেষ্টা বিফল যায়নি। খেলার ২৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়ে ফিফার ১৮৯তম র্যাংকিংয়ে থাকা দল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের মাত্র ৭ মিনিটেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। পরের লড়াই বাংলাদেশের জন্য এক গৌরবগাঁথা। ১ জন কম নিয়েও জামাল ভূঁইয়ার কর্নারে ইয়াছিনের গোলে সমতায় ফেরে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
এক জয় ও এক ড্রয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। পরবর্তী খেলায় ৭ অক্টোবর রাত দশটায় মালদ্বীপের বিপক্ষে লড়বে জামাল-সাদরা।










