ডানেডিনে প্রথম সিরিজের
ওয়ানডে ম্যাচে ডিএলএস মেথডে নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হেরে যায় বাংলাদেশ। সিরিজে
সমতা আনার আশায় নাজমুল হোসেন শান্তর দল বুধবার ভোর ৪টায় নেলসনে দ্বিতীয় ওয়ানডে
খেলতে নামবে।
এই সিরিজের মোট তিনটি ম্যাচে
মুখোমুখি হবে দুটি দল। শনিবার নেপিয়ারে তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর তিন ম্যাচের টি২০
সিরিজে লড়বে দুই দল।
নিউজিল্যান্ডের মাটিতে এখন
পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলে একটিও জিততে পারেনি বাংলাদেশ। ব্ল্যাকক্যাপসদের মাঠে ৯টি টি২০ খেলেও জয়হীন বাংলাদেশ। শুধু একটি জয় এসেছে টেস্টে।
নাজমুল হোসেন শান্তর দল এবার হারের বৃত্ত ভাঙতে চায়, জিততে চায় দুটি সিরিজ। যদিও ওয়ানডে
সিরিজের প্রথম ম্যাচেই হেরেছেন তারা। এখান থেকে কি ঘুরে দাঁড়াতে পারবেন টাইগাররা?
এদিকে, বাংলাদেশের বিপক্ষে
ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য ফাস্ট বোলার কাইল জেমিসনকে বিশ্রাম দিয়েছে
নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজের আগে ফিট হয়ে ওঠারও যথেষ্ট সময়
পাবেন তিনি।
এছাড়া ফিন অ্যালেনকে দ্বিতীয়
ওয়ানডের জন্য ছুটি দেয়া হয়েছে। সুপার স্ম্যাশ ক্রিকেটে অকল্যান্ডের হয়ে খেলবেন
তিনি। এই দুজনের কেউই অবশ্য অকল্যান্ডে প্রথম ওয়ানডে খেলেননি। ওই ম্যাচে ডিএলএস
মেথডে ৪৪ রানের জয় পায় কিউইরা।
এক বিবৃতিতে নিউজিল্যান্ড
ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে। গত সপ্তাহে বাংলাদেশ থেকে ফেরার পরই জেমিসন
হ্যামস্ট্রিংয়ে খানিকটা অস্বস্তি বোধ করছিলেন বলে জানায় নিউজিল্যান্ড ক্রিকেট
বোর্ড। বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ ১-১-এ ড্র করে কিউইরা।
জেমিসনের হ্যামস্ট্রিংয়ের
কথা মাথায় রেখেই তার ‘কাভার’ হিসেবে বেন সিয়ার্সকে দলভুক্ত করে নিউজিল্যান্ড।
কিউইদের কোচ গ্যারি স্টিড বলেন, ‘সামনে আমাদের অনেক ক্রিকেট রয়েছে। কাজেই আমরা এটা
নিশ্চিত হতে চাই যে, কাইল যেন অহেতুক কোনো ঝুঁকি না নেয়। স্কোয়াড ঘোষণার সময়ই আমরা
চেয়েছি যেন নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ করে দিতে পারি। এই জায়গাটায় বেন সিয়ার্স
দারুণভাবে মানিয়ে নেবে।’










