ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে আর দুই সপ্তাহ বাকি। আর গ্রীষ্মকালীন দলবদলও প্রবেশ করেছে শেষ মাসে। ১ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে দলবদল। এ মাসের ভেতরেই দল গুছিয়ে নিতে হবে। ক্লাবগুলোর মতোই রুদ্ধশ্বাস সময় কাটবে কিছু তারকার, যাদের ওপর দলবদলের চাপ ক্রমেই বাড়ছে। দলে যাদের অবস্থান নড়বড়ে। তাদের হয়তো চলে যেতে হবে, নয়তো বেঞ্চে বসেই কাটাতে হবে বেশির ভাগ সময়।
গত ১৫ জুন শুরু হওয়া দলবদলে লিভারপুল, চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ব্যস্ত সময় কাটিয়েছে। লিভারপুল তো ৩০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে। আর বাকিরা প্রত্যেকেই ১০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে। এসব ক্লাবের বেশকিছু হাইপ্রোফাইল খেলোয়াড়ের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তারা থেকে গেলে বেঞ্চে জায়গা হবে কিংবা আরো খারাপ পরিস্থিতি হতে পারে। আবার বিদায় নিলে অপেক্ষাকৃত নিম্নমানের ক্লাবে নাম লেখাতে হবে। দলবদলের শেষ মাসে এসে দেখা যাক, কোন কোন খেলোয়াড় বিদায়ের প্রহর গুনছেন।
ডারউইন নুনেজ: আর্নে স্লটের অধীনে গত মৌসুমে মাত্র আট ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন উরুগুইয়ান ফরওয়ার্ড। এর মধ্য দিয়েই বুঝে নেয়া যায়, অ্যানফিল্ডে তার সময় শেষ হয়ে এসেছে। ৩০ কোটি পাউন্ডেরও বেশি অর্থ খরচ করে লিভারপুল কিনেছে ফ্লোরিয়ান ভির্টজ, হুগো একিতিকেকে। দিয়েগো জোটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন আর লুইস ডিয়াজ যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। নিউক্যাসল ইউনাইটেড স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে ১৫ কোটি পাউন্ডে কেনার পরিকল্পনা অল রেডদের। কাজেই নুনেজকে এবার বিদায় নিতে হবে। তবে একেবারে সস্তায় তাকে বিক্রি করবে না ইংলিশ জায়ান্টরা। তিন বছর আগে বেনফিকা থেকে ৮৫ মিলিয়ন পাউন্ডে কেনা এ খেলোয়াড়কে বিক্রি করে মোটামুটি ভালো অংকের ফি ঘরে তুলতে চায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। অ্যানফিল্ড পেপারস জানিয়েছে, নুনেজকে ৫ কোটি পাউন্ডে কেনার প্রস্তুতি নিচ্ছে নিউক্যাসল।
জ্যাক গ্রিয়ালিশ: ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ইংলিশ উইঙ্গার জ্যাক গ্রিয়ালিশকে বলে দিয়েছেন যেন নতুন কোনো ক্লাব খুঁজে নেন। ২৯ বছর বয়সী এ খেলোয়াড় গত মৌসুমে মাত্র সাতটি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন। সব মিলিয়ে ২০ ম্যাচ খেলে মাত্র একটি গোল করেছেন, অ্যাসিস্টও করেন সমান একটি। অ্যাস্টন ভিলার কাছ থেকে ২০২১ সালে ১০ কোটি পাউন্ডে গ্রিয়ালিশকে কিনে নেয় ম্যানসিটি। ক্লাবটির সঙ্গে তার চুক্তির দুই বছর এখনো বাকি।
নিকোলাস জ্যাকসন: গত মৌসুমে চেলসির জার্সিতে ৩০ ম্যাচ খেলে ১০ গোল করেছেন স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন। যদিও এনজো মারেসকার দলে ঠাঁই পেতে এ পরিসংখ্যান যথেষ্ট নয়। মারেসকা এরই মধ্যে সই করিয়েছেন হোয়াও পেদ্রো ও লিয়াম ডেলাপকে। এ দুজনই যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা ক্লাব বিশ্বকাপে ভালো করেছেন, আর কোচের পছন্দের তালিকায় তিনে নেমে যান জ্যাকসন। চেলসি চাইছে, চলতি দলবদলেই যেন নতুন ক্লাব খুঁজে নেন ২৪ বছর বয়সী সেনেগালিজ স্ট্রাইকার। তার গন্তব্য হতে পারে নিউক্যাসল, যদি ইসাককে বিক্রি করে দেয় ম্যাগপাইরা।
রহিম স্টার্লিং: লিভারপুল ও ম্যানচেস্টার সিটি ঘুরে চেলসিতে নাম লেখান ইংল্যান্ড জাতীয় দলের ফরওয়ার্ড রহিম স্টার্লিং। গত মৌসুমে তিনি ধারে খেলেন আর্সেনালে। যদিও গানারদের জার্সিতে বড় কোনো প্রভাব ফেলতে পারেননি। মাত্র সাত ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন, এর মধ্যে এক ম্যাচেও ৯০ মিনিট শেষ করতে পারেননি। পুরো মৌসুমে করেছেন মাত্র এক গোল, তাও কারাবাও কাপে। কাজেই তিনি আবার ফিরে এসেছেন চেলসিতে। মারেসকার দলেও তার সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
আলেহান্দ্রো গারাঞ্চো: আর্জেন্টিনার ২১ বছর বয়সী ফরওয়ার্ড আলেহান্দ্রো গারাঞ্চোকে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরের স্কোয়াডে নেননি কোচ রুবেন আমোরিম এবং তাকে নতুন ক্লাব খুঁজতে বলা হয়েছে। গত জানুয়ারিতে গারাঞ্চোকে কিনতে চেয়েও পারেনি চেলসি। এবার সুযোগটা নিতে পারে লন্ডন জায়ান্টরা। যদিও তার জন্য ৪ কোটি পাউন্ড ফি দিতে চায় না ব্লুজরা।
রেড ডেভিলদের হয়ে ৯৩ ম্যাচ খেলে ১৬ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৮ ম্যাচ।










