মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে গুঁটিয়ে দিল ভারত। জবাবে সফরকারী দলটি এক উইকেটে ৩৬ রান তুলেছে।
বিরাট কোহলির অনুপস্থিতিতে এ টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্কা রাহানে। টস জিতে বোলিং নেন রাহানে। যদিও তার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন বোলাররা। বিশেষ করে , প্রথম সেশনে রবিচন্দ্র অশ্বিন ও শেষ সেশনে জসপ্রিত বুমরাহ অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে বেধে ফেলতে সাহায্য করেন। বুমরাহ চারটি, অশ্বিন তিনটি ও অভিষিক্ত মোহাম্মদ সিরাজ দুটি উইকেট নেন।
ভারতীয়দের দুর্দান্ত বোলিংয়ের মুখে অস্ট্রেলিয়ার কোনো জুটিই ৫০ রানের পার্টনারশিপও গড়তে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন লাবুশেন। এছাড়া ট্রাভিস হেড ৩৮ ও ম্যাথু ওয়েড ৩০ রান করেন।
ব্যাটিংয়ে নেমে ভারতও দেখেছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের গতির আগুন। এ লড়াইয়ে স্টার্কের কাছে প্রথম ওভারেই হার মানেন মায়াঙ্ক আগারওয়াল। শুভমান গিলকে (২৮*) নিয়ে এরপর ১০ ওভার টিকে থেকে দিন শেষ করেন চেতেশ্বর পুজারা (৭*)।
অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে ভারত। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়ে লজ্জায় পড়ে ভারত। সিরিজে সমতা আনতে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাই জিততে মরিয়া ভারত। ৭ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
ক্রিকইনফো










