টি২০
বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে নামিবিয়ার কাছে হারের পর এবার উগান্ডার
কাছেও হারল টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ে। আজ নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের
ইউনাইটেড গ্রাউন্ডে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারায় ক্রিকেটে অখ্যাত দেশ উগান্ডা।
আগে
ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান তোলে জিম্বাবুয়ে। অধিনায়ক
সিকান্দার রাজা ৩৯ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন। উগান্ডার দিনেশ নকরানি ১৪ রানে নেন ৩
উইকেট। রান তাড়া করতে নেমে আলপেশ রমজানি (২৬ বলে ৪০), রিয়াজাত আলী শাহ (৪২) ও
নকরানির (১৪*) ব্যাটে ভর করে অবিস্মরণীয় এক জয় তুলে নেয় উগান্ডা। রিচার্ড এনগারাভা
২৪ রানে ২ উইকেট নেন।
বাছাইয়ের
শেষ পর্বে লড়ছে ৭টি দল। রাউন্ড রবিন লিগের লড়াই শেষে টেবিলের শীর্ষ দুই দল পাবে ২০২৪
সালের টি২০ বিশ্বকাপের টিকিট। ৩ রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নামিবিয়া, সমান
পয়েন্ট নিয়ে দুইয়ে কেনিয়া। এরপরেই উগান্ডা ও (৪) জিম্বাবুয়ে (২)।
আগামীকাল
রুয়ান্ডার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এছাড়া নাইজেরিয়া ও কেনিয়ার বিপক্ষে খেলবে
তারা। সিকান্দার রাজার দল বাকি ম্যাচগুলো জিতলেও বিশ্বকাপের টিকিট অনিশ্চিত হয়ে
পড়েছে। বাছাইপর্বের বৈতরণী পার হতে পারেনি বলে এ বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও
খেলতে পারেনি জিম্বাবুয়ে।










