২০২৩ সালের জন্য বর্ষসেরা ওয়ানডে দলের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি)। বিশ্বকাপে
আলো ছড়ানো তারকারাই জায়গা পেয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে। এতে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া,
দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের তালিকায় ভারতের ছয়জন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। এছাড়াও এ তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার দুজন, দক্ষিণ আফ্রিকার দুজন এবং নিউজিল্যান্ডের একজন।
বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়া সবাই বিশ্বকাপে ছিলেন দারুণ ছন্দে।
প্রত্যেকেই দলের প্রভাব বিস্তার করা পারফরম্যান্স করেছেন। তবে বর্ষসেরা ওয়ানডে দলে
অধিনায়ক করা হয়েছে বিশ্বকাপে পাঁচশর বেশি রান
করা রোহিত শর্মাকে।
বিশ্বকাপে দারুণ পারফর্ম করা ছাড়াও বছর জুড়ে ৫২ গড়ে ১২৫৫ রান করেছেন রোহিত। তার সঙ্গে ওপেনিংয়ে থাকছেন আরেক ভারতীয় শুভমান গিল। ২০২৩ সালে সবচেয়ে ১৫৮৪ ওয়ানডে রান করেছেন তিনি।
বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের নায়ক ট্রেভিস হেড রয়েছেন দলের তিনে।
বিরাট কোহলি বছর জুড়ে ১৩৭৭ রান করে সামলাবে চার নম্বর পজিশন। পাঁচে আইসিসির পছন্দ ২০২৩
সালে ৫২ দশমিক ৩৪ গড়ে ১২০৪ রান করা নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। দক্ষিণ আফ্রিকার
হেনরিক ক্লাসেন বিশ্বকাপে আলো ছড়িয়ে ছয় নম্বর পজিশন পেয়েছেন আইসিসির সেরা দলে।
দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে সাত নম্বরে রেখেছে আইসিসি।
ব্যাটে-বলে আলো ছড়িয়ে প্রোটিয়াদের পারফরম্যান্সে প্রভাব রেখেছেন তিনি। অজি লেগ স্পিনার
অ্যাডাম জাম্পা ও ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে রাখা হয়েছে স্পিন অপশনে। ভারতের
দুই পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি আছেন পেস বোলিং বিভাগে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল,
ট্রেভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো ইয়ানসেন, অ্যাডাম
জাম্পা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।










