এশিয়া কাপের প্রস্তুতি নিতেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ। সিলেটে গতকাল সিরিজের প্রথম ম্যাচে তিন বিভাগেই নিখুঁত পারফর্ম করে ডাচদের গুঁড়িয়ে দেয় স্বাগতিকরা। অতিথিরা আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান তুলতে সমর্থ হয়। পরে স্বাগতিকরা হেসে-খেলেই এ রান তাড়া করে জিতেছে ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে।

পারভেজ হোসেন ইমন ৯ বলে ১৫ রানের ইনিংস খেলে ঝড়ো সূচনা এনে দেয়ার পর তানজিদ হাসান তামিমকে নিয়ে ৩৯ বলে ৬৬ রান যোগ করেন অধিনায়ক লিটন। ২৪ বলে ২৯ রান করে সাজঘরে ফিরেছেন তানজিদ। এরপর সাইফকে নিয়ে ২৬ বলে ৪৬ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন লিটন। দুর্দান্ত ব্যাটিং করা লিটন ২৯ বলে ৫৪ ও দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফ হাসান ১৯ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে পেস বোলার তাসকিন আহমেদ ২৮ রানের খরচায় নেন ৪ উইকেট।