বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জেতায় সেমিফাইনাল অনেকটা নিশ্চিত ছিল লেবাননের। আজ বুধবার (২৮ জুন) 'বি' গ্রুপের শেষ ম্যাচও জিতে সেরা হয়ে সেমির টিকিট কেটেছে তারা। অধিনায়ক হাসান মাতৌকের লক্ষ্যভেদে লেবানন ১-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। এতে টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লেবানন। আরব দেশটির এ জয়ে শেষ চারের সমীকরণ সহজ হয়ে গেল বাংলাদেশের জন্য। ভুটানের বিপক্ষে এখন ড্র করলেই দ্বিতীয় দল হিসেবে এ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। হারলেও সুযোগ থাকবে। যদি হারটা হয় ১ গোলের।
বেঙ্গালুরুর কান্তীরাভা স্টেডিয়ামে এদিন লেবানন এগিয়ে যায় ২১ মিনিটে। বক্সের একটু বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে জালে বল পাঠান হাসান মাতৌক। তবে সমতায় ফেরার সুযোগ ছিল মালদ্বীপের। তবে র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা লেবানন তাদের রক্ষণ জমাট রেখে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।
এদিকে, আজ (বুধবার) ভারতের বেঙ্গালুরুতে 'বি' গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। পরিসংখ্যানে ঘাটলে দেখা যায়, সাফ চ্যাম্পিয়নশিপে ভুটান কখনোই ফাইনালে খেলতে পারেনি। এ টুর্নামেন্টের ইতিহাসে মোট ২৪ ম্যাচ খেলা ভুটান এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে ২০০৮ সালে আফগানিস্তানের বিপক্ষে আর একটি ম্যাচ ড্র করেছে।
অন্যদিকে, ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বশেষ সেমিফাইনালে খেলেছিল। এরপর কেটে গেছে ১৪ বছর। এক যুগেরও বেশি এই সময়ে অনুষ্ঠিত হয়েছে পাঁচ পাঁচটি সাফ চ্যাম্পিয়নশিপ। এর মধ্যে ২০২১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত সর্বশেষ আসরে দল পাঁচটি ছিল বলে খেলা হয়েছে লিগ ভিত্তিতে। সেমিফাইনাল ছিল না। শীর্ষ দুই দল ফাইনাল খেলেছে। ৫ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল চারে। বাকি চার আসরে বাংলাদেশ বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকেই। দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশের সামনে সেমিফাইনাল খেলার হাতছানি।










