ইউএস
ওপেনে ছেলেদের এককে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের বিদায়ের পর এবার নারী এককের
চ্যাম্পিয়ন কোকো গাফেরও বিদায় ঘটল। আজ ভোরে চতুর্থ রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের
এই তারকাকে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারান তার স্বদেশী এমা নাভারো।
শেষ
ষোলোয় এসে এলেমেলো খেলে বিদায় নিলেন ২০ বছর বয়সী কোকো। তিনি ১৯টি ডাবল ফল্ট করেন, যার
১১টিই তৃতীয় সেটে। আর শেষ গেমে তিন তিনটি ডাবল ফল্ট করে তিনি হেরে যান।
চ্যাম্পিয়নকে
হারিয়ে নাভারো বলেন, ‘গত দুই বছর প্রথম রাউন্ডে হারের পর এবার কোয়ার্টার ফাইনাল, বেশ
পাগলাটে অনুভুতি। এই শহরে আমার জন্ম, এখানে খেলার অনুভুতি বিশেষ।’ তিনি আরো বলেন,
‘কোকা অবিশ্বাস্য এক খেলোয়াড়। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। আশাকরি, সে ঘুরে দাঁড়াবে
এবং আবারো জিতবে।’
দুই
মাস আগে উইম্বলডনের শেষ ষোলোর ম্যাচেও গাফকে হারান নাভারো। এবার হারালেন ইউএস ওপেনে।
এর মধ্য দিয়ে ২০০৪ সালের পর সর্বকনিষ্ঠ আমেরিকান হিসেবে একই বছর উইম্বলডন ও ইউএস ওপেনের
কোয়ার্টার ফাইনালে উঠলেন নাভারো। সর্বশেষ এই কীর্তি আছে সেরেনা উইলিয়ামসের।
কোয়ার্টার
ফাইনালে পলা বাদোসার মুখোমুখি হবেন নাভারো। শেষ ষোলোয় চীনের ওয়াং ইয়াফানকে ৬-১, ৬-২
গেমে হারান স্প্যানিশ খেলোয়াড়টি।
ছেলেদের
এককে নোভাক জোকোভিচকে বিদায় করা অ্যালেক্সি পপিরিনকে হারিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস
তিয়াফো। তিনি জিতেছেন ৬-৪, ৭-৬ (৭/৩), ২-৬, ৬-৩ গেমে। নরওয়ের ক্যাসপার রুডকে ৩-৬, ৬-৪,
৬-৩, ৬-২ গেমে হারান আরেক আমেরিকান টেইলর ফ্রিটজ। ১২তম বাছাই শেষ আটে খেলবে জার্মানির
আলেক্সান্ডার জেরেভের বিপক্ষে। তিনি হারান যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন নাকাশিমাকে। রাশিয়ার
আন্দ্রেই রুবলেভকে ৬-৩, ৭-৬ (৭/৩), ১-৬, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে ২০১৯ সালের পর প্রথমবার
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ।










