গত মার্চ-এপ্রিলে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আগামী অক্টোবর মাসের শুরুতে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই তারা ওই দুটি সিরিজ খেলে গেছে। যদিও বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনে বদলে গেছে অনেক কিছু। অনিশ্চিত হয়ে পড়েছে বিশ্বকাপ আয়োজন। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলিও মনে করেন, এ মুহূর্তে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ঠিক হবে না।

 

বাংলাদেশের বিকল্প হিসেবে ভারতকে প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও আইসিসি সেই প্রস্তাবে ‘না’ বলেছে। এখন শ্রীলংকা, সংযুক্ত আমিরাত বিকল্প হিসেবে আছে। সর্বশেষ আগ্রহ প্রকাশ করেছে জিম্বাবুয়ে।


 

আইসিসি যেখানেই বিশ্বকাপ আয়োজন করুক না কেন, সেটা তাদের ব্যাপার। তবে সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে এখন বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ভুল বলে মনে করেন হিলি। তিনি বলেন, ‘সম্প্রতি দেশটিতে যা ঘটে গেছে তারপর সেখানে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সত্যিই কঠিন। সেখানে এ মুহূর্তে ধুঁকতে থাকা মানুষদের সাহায্য করা উচিত, এমন সময় তাদেরই পুঁজি নিয়ে বিশ্বকাপে ব্যবহার করাও ঠিক হবে না। মানবিক দিক চিন্তা করলে, সেখানে এখন খেলাটা ভুল কাজ হবে। যদিও আমি সবকিছু আইসিসির ওপর ছেড়ে দিচ্ছি।’

 

অজি অলরাউন্ডার সোফি মলিনিউক্স রোববার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ রাখছি এবং তারা এ ব্যাপারে আইসিসির সঙ্গে কাজ করছে। আমাদের এই বিশ্বাস আছে যে, তারা সবার জন্য সঠিক সিদ্ধান্তটিই নেবেন।’

 

আগামী সোমবার বিশ্বকাপের দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। হিলি মনে করেন, যেকোনো কন্ডিশনের জন্যই তারা প্রস্তুত। বাংলাদেশের সঙ্গে খেলা সিরিজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি, বিশ্বকাপ যেখানেই হোক না কেন, আমাদের ভারসাম্যপূর্ণ স্কোয়াডটি সেখানেই মানিয়ে নেবে। আমরা সঠিক স্কোয়াডই বেছে নেব। আমরা খুবই খুশি ছিলাম যে বাংলাদেশে খেলে সেখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছি। যদিও এখন যেখানেই বিশ্বকাপ হোক, আমাদের মানিয়ে নিতে হবে।’

 

ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট মনে করেন, নতুন স্বাগতিক যদি সংযুক্ত আরব আমিরাত হয় তবে সেখানকার কন্ডিশন খুব বেশি আলাদা হবে না।