মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় টি২০
ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে স্বাগতিক
দলের সংগ্রহ ছিল ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান। ড্যারিল মিচেল ১৮ ও গ্লেন ফিলিপস ৯
রানে অপরাজিত ছিলেন।
মাউন্ট মঙ্গানুইয়ের স্থানীয় সময় রাত ৮টায় খেলা বন্ধ হয়ে যায়। কার্টেল
ওভারে খেলার শুরুর সর্বশেষ সময় ছিল স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিট। যদিও রাত ৯টা
৫৫ মিনিটের সময়ই আম্পায়াররা অফিশিয়ালি ম্যাচের সমাপ্তিরেখা টেনে দেন। বলে দেন, এই
ম্যাচ আর শুরু করা সম্ভব নয়।
তবে খুব বেশি সময় বিশ্রামের সুযোগ নেই দুই দলের ক্রিকেটারদের। রোববার
বাংলাদেশ সময় ভোর ৬টায় একই মাঠে শুরু হয়ে যাচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচটি
পরিত্যক্ত হওয়ায় এটা নিশ্চিত হয়ে গেল, বাংলাদেশের সিরিজ হারের কোনো সুযোগ সেই।
নিউজিল্যান্ড জিতলেও সিরিজটা ১-১-এ ড্র হবে।
মাউন্ট মঙ্গানুইয়ে গত বছর টেস্ট জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। মুমিনুল
হকের নেতৃত্বাধীন দলটির সেই জয় ছিল যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাঠে
বাংলাদেশের প্রথম জয়। সেই মাঠে আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে কিউইদের
মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন
শান্ত। যদিও টসের মতো ম্যাচটিও জেতা হলো না তাদের।
দ্বিতীয় ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন
পেসম্যান শরিফুল ইসলাম। এক্সট্রা কভারে রিশাদ হোসেন তার ক্যাচ নেন। যদিও পরে
সেইফার্টের মারমুখী ব্যাটিংয়ে চাপ থেকে বেরিয়ে যায় স্বাগতিকরা। টিম সেইফার্টের ঝড়ো
ব্যাটিংয়ে কিউইরা ৬ ওভারেই তুলে নেয় ১ উইকেটে ৫৪ রান। আগ্রাসী এই ব্যাটারকে অবশেষে
থামান তানজিম হাসান সাকিব। মিড-অফে তার ক্যাচ নেন অধিনায়ক শান্ত।
এরপর মিচেল ও ফিলিপস হার ধরেন। তারা ২২ বলে ১৪ রানের পার্টনারশিপ গড়ে
অবিচ্ছিন্ন ছিলেন।
প্রথম ম্যাচে ক্যাচ নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন লিটন
দাস। এমআরআই করানোর পর এটি নিশ্চিত হওয়ায় আজ খেলছেন না তিনি। তার জায়গা নেন শামীম
হোসেন।
নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো টি২০ ম্যাচ জয়ের পর এবার সিরিজ
জয়েরও সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। যদিও সেজন্য এখন অপেক্ষায় থাকতে হচ্ছে শান্তর
দলকে।
এখন পর্যন্ত ১৮টি টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও
নিউজিল্যান্ড। এর মধ্যে কিউইরা ১৪টি ও টাইগাররা চারটি জিতেছে।










