অবশেষে  রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল ফুটবলের দায়িত্ব নেয়ার সেই গুঞ্জনই এবার সত্য হলো। ২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি। তার আগ পর্যন্ত ব্রাজিল দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ফ্লুমিন্সের কোচ ফার্নান্দো দিনিজ। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।খবর বিবিসি।

গণমাধ্যমটি জানায়, দীর্ঘ ৬০ বছর পর লাতিন জায়ান্ট ব্রাজিলের দায়িত্ব যাচ্ছে কোনো বিদেশী কোচের হাতে। ১৯৬৫ সালে ব্রাজিলের সর্বশেষ বিদেশি কোচ ছিলেন আর্জেন্টিনার ফিলিপো নুনেজ। যদিও মাত্র এক ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন নুনেজ। সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকে কোচবিহীন সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যার প্রভাব তাদের মাঠের পারফরম্যান্সেও পড়েছে।

কোচিং ক্যারিয়ারে ৬৪ বছর আনচেলত্তি এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। এছাড়া চেলসির হয়ে ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখের হয়ে জার্মানি, পিএসজির হয়ে ফরাসি লিগের শিরোপা জয় করেছেন, সাথে রিয়াল মাদ্রিদ ও মিলানও রয়েছে।

গত বছর কাতার বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন তিতে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায়ের পর তিতে  পদত্যাগ করেন। বিশ্বকাপের আগেই অবশ্য তিতে টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন র‌্যামন মেনেজেস।

এর আগে এক বিবৃতিতে সিবিএফ ডিনিজের অস্থায়ী দায়িত্ব নিশ্চিত করেছে। সিবিএফ সভাপতি এডনাল্ডো রড্রিগুয়েজ এক ভিডিও বার্তায় বলেন, ‘ফার্নান্দো ডিনিজ আগামী এক বছর ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করবেন। আমি নিশ্চিত পেশাদার ক্যারিয়ারে বরাবরের মতই এবারও সে ব্রাজিলের জন্য নিজের সর্বোচ্চ দেবার চেষ্টা করবেন।’