আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে জমে উঠেছে সেমিফাইনালে ওঠার রেস। ৪ ম্যাচে ৮ পয়েন্ট এবং শ্রেয়তর নেট রানরেট নিয়ে শেষ চারে এক পা দিয়েই রেখেছে ইংল্যান্ড। এই গ্রুপটি থেকে আরেকটি দল পাবে সেমিফাইনালের টিকিট। সেই দলটি কি অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা, তা জানা যাবে কাল শনিবার।
কাল বাংলাদেশ সময় বেলা চারটায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, রাত ৮টায় ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা উভয়ের ঝুলিতেই সমান ৬ পয়েন্ট; আর নেট রানরেটে প্রোটিয়াদের চেয়ে এগিয়ে রয়েছে অজিরা। ইংলিশরা সুস্পষ্টভাবে এগিয়ে থাকলেও এখনো শতভাগ নিশ্চিত নয়। কেননা ক্রিকেটটা গৌরবময় অনিশ্চয়তার খেলা বলে এখানে অনেক কিছুই ঘটতে পারে। দেখা গেল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুটি দলই বড় ব্যবধানে জিতে ইংল্যান্ডকে পেছনে ফেলে জায়গা করে নিল শেষ চারে! যদিও সেই সম্ভাবনা খুব ক্ষীণ।
অস্ট্রেলিয়ার নেট রানরেট ১.০৩১। অজিদের নেট রানরেটটা -০.৬২৭ থেকে এক লাফে পৌঁছে গেল ১.০৩১-এ। মূলত একপেশে ম্যাচে বাংলাদেশকে হারিয়ে নেট রানরেটটা এত বাড়িয়ে নিতে পেরেছে অ্যারন ফিঞ্চের দল। তার মানে, সেমিফাইনালের দ্বিতীয় টিকিটের জন্য এখন অস্ট্রেলিয়াই ফেভারিট। অন্যদিকে, ০.৭৪২ নেট রানরেট নিয়ে তিনে থাকা দক্ষিণ আফ্রিকাকে কাল সামলাতে হবে টেবিলের শীর্ষ দল ও আইসিসি টি২০ র্যাংকিংয়ের এক নম্বর দল ইংল্যান্ডকে। সেই তুলনায় অজিদের কাজটা অপেক্ষাকৃত সহজই হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজকে হারালেই অস্ট্রেলিয়া উঠে যাবে সেমিফাইনালে, যদি রাতের ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে যায় ইংল্যান্ডের কাছে। আবার অস্ট্রেলিয়া যদি হেরে যায় তখন ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্রোটিয়ারা উঠবে সেমিফাইনালে।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুটি দলই যদি হেরে যায় তখন কী ঘটবে? সেক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে সমান ৬। তখন নেট রানরেট দেখে দুই দলকে আলাদা করা হবে। অস্ট্রেলিয়া যদি ১৬১ রান তাড়া করতে গিয়ে ২০ রানে হেরে যায় তখন তাদের চেয়ে ভালো নেট রানরেট নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকাকে ৩ রানের বেশি ব্যবধানে হারা চলবে না। অস্ট্রেলিয়া যদি ১৬০ রান তুলে ১০ রানের জয় পায়, তখন নেট রানরেটে অজিদের পেছনে ফেলতে প্রোটিয়াদের জিততে হবে ন্যূনতম ৩২ রানের ব্যবধানে।
কাল দিনের দ্বিতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। তার মানে, মাঠে নামার আগেই তেম্বা বাভুমার দল জেনে যাবে তাদের আসলে কী করতে হবে।
অস্ট্রেলিয়া নেট রানরেটে অনেক উন্নতি করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে এখনো ইংল্যান্ডই ফেভারিট। অস্ট্রেলিয়াকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে নিজেদের ১০০ রানের ব্যবধানে জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে হারতে হবে ৪৩ কিংবা তদূর্ধ্ব রানের ব্যবধানে।










