রাদু আলবোতকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেন মিশন শুরু করলেন নোভাক জোকোভিচ। এটি তার ২৫তম গ্র্যান্ডস্লাম জয়েরও মিশন। আজ মঙ্গলবার সার্বিয়ান তারকা জিতেছেন ৬-২, ৬-২, ৬-৪ গেমে।

 

অস্ট্রেলিয়ান গ্রেট মার্গারেট কোর্টের সমান ২৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন জোকোভিচ। ২৩ দিন আগে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণও জিতেছেন তিনি। এবার ইউএস ওপেন শিরোপা জয়ের মিশনে নেমেছেন।

 

এ বছর প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের আশায় ফ্লাশিং মিডোতে খেলছেন ৩৭ বছর বয়সী জোকোভিচ। ২০১৭ সাল থেকে শুরু করে প্রতি বছর অন্তত একটি মেজর শিরোপা জিতেছেন তিনি।


মেয়েদের এককে জিতেছেন কোকো গাফ। ছবি: এপি 


বুধবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্বদেশী লাসলো জেরের মুখোমুখি হবেন জোকোভিচ।

ইউএস ওপেনে ১৮ মৌসুম ধরে খেলা জোকোভিচ এ নিয়ে ১৮ বার প্রথম রাউন্ডে জিতলেন। ফ্লাশিং মিডোতে তিনি তৃতীয় রাউন্ডের আগে কখনো বিদায় নেননি। ইউএস ওপেন এটা তার ৮৯তম জয়, যার মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন সুইস গ্রেট রজার ফেদেরারকে। এই হার্ডকোর্টে তিনি ৮৯ জয়ের বিপরীতে হেরেছেন ১৩ ম্যাচ। এখানে ফেদেরারের রেকর্ড ৮৯-১৪। ফেদেরার ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার ইউএস ওপেন জিতেছেন। এই দুজনের চেয়ে বেশি জয় আছে শুধু আমেরিকান গ্রেট জিমি কনর্সের (৯৮)।

 

প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কোকো গাফ, ম্যাডিসন কিজ, টেইলর ফ্রিটজ; চীনের কিনওয়েন ঝেং, জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ, স্পেনের পলা বাদোসা, ফ্রান্সের গায়েল মনফিলস, ইউক্রেনের এলিনা সভিতোলিনা, চেক রিপাবলিকের বারবোরা ক্রেসিকোভা, রাশিয়ার আন্দ্রেই রুভলেভ ও মিরা আন্দ্রিভা জয় তুলে নিয়েছেন।