রাওয়ালপিন্ডি
টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই প্রথম পাকিস্তানকে
টেস্টে হারাল টাইগাররা। রোববার ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান
মহসিন নাকভী অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম
‘এক্স’-এ একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল চমৎকার খেলেছে। ম্যাচের
পুরোটা সময় অটল থেকেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার বলে এটি একটি ঐতিহাসিক জয়। তাদের
আন্তরিক অভিনন্দন।’
৩০
আগস্ট একই মাঠে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে পাকিস্তান ভালো করবে বলে আশাবাদী নাকভি।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান দলের যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে পারেনি।
ইনশাআল্লাহ, পাকিস্তান দল পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে।’
এদিকে,
বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট দলের তুমুল সমালোচনা চলছে। সাবেক পাকিস্তানি
ক্রিকেটারদের সঙ্গে যোগ দিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনও। এক্স পোস্টে
তিনি লিখেছেন, ‘পাকিস্তানে ক্রিকেটের কী হলো? আমি যখন পিএসএলে খেলেছি, ওই লিগের মান
দুর্দান্ত ছিল। খেলোয়াড়দের কর্মনীতি দারুণ ছিল, উঠতি তরুণেরা ছিল জাদুময়ী। সেখানে হচ্ছেটা
কী?
পিটারসেনের
পোস্টের নিচে একজন লিখেছেন, ‘স্রেফ এটা কি হতে পারে না যে বাংলাদেশ বেশি ভালো খেলেছে?’
সেটির জবাবে আরেকজন লিখেছেন, ‘হতে পারে। কিন্তু পাকিস্তান দল এমনকি আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের
কাছেও হারছে। তাহলে কিছু না কিছু গড়বড় হয়েছে এ দলের মধ্যে।’
আরেকজন
মন্তব্যে লিখেছেন, ‘পাকিস্তানে (ক্রিকেটের এমন দশার পেছনে) রাজনীতি বড় একটা কারণ। ছয়
মাস অন্তর নতুন বোর্ড প্রেসিডেন্ট আর নতুন নির্বাচক আসেন। সেই একই চক্রের পুনরাবৃত্তি
হয়।’










