বেনোনিতে টি২০ সিরিজের প্রথম ম্যাচে আজ রোববার দক্ষিণ আফ্রিকাকে ১৫০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ গড়ে।

 

মুরশিদা খাতুন ৫৯ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশ দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ১৭ বলে ৩৪, শামীমা সুলতানা ২৪ বলে ২৪ ও সোবহানা মোস্তারি ১৭ বলে ১৬ রান করেন।

 

ওপেনিং জুটিতে মুরশিদা ও শামীমা ৪৪ রান তুলে দলকে ভিত্তি গড়ে দেন। ২৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৪ রান করেন শামীমা। এরপর সোবহানাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৯ রান তুলেছেন মুরশিদা।

 

শেষ ৭ ওভারে আর কোনো উইকেটের পতন হয়নি। নির্ভরতার প্রতীক নিগার ও মুরশিদা পরের ৪২ বলে ৬৬ রান তুলেছেন। এ পথে ফিফটি পূর্ণ করেন বামহাতি ওপেনার মুরশিদা। তিনি ৫১ বলে ফিফটি করেন। ৬২ রানের হার না মানা ইনিংসটি ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় সাজান মুরশিদা। নিগার ৬ বাউন্ডারির সাহায্যে করেন ৩৪ রান।

 

শেষ ওভারে ১৫ রান তুলে সংগ্রহটা দেড়শর কাছাকাছি নিয়ে যান নিগার সুলতানা ও মুরশিদা। নিগার এই ওভারে তিনটি বাউন্ডারি মারেন। প্রোটিয়া পেসার এলিজ-মারি মার্কস ও নন্দুমিসো শানগেস একটি করে উইকেট পান।

 

এই সফরে তিনটি টি২০ ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।