থিম্পুর চাংলিমাথান স্টেডিয়ামে রোববার (৮ সেপ্টেম্বর)
সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভুটান ও বাংলাদেশ।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারায় লাল-সবুজ জার্সিধারীরা।
প্রথম ম্যাচে চোটে পড়েন বাংলাদেশ দলের ১০ নম্বর জার্সিধারী
খেলোয়াড় রাকিব হোসেন। চোট কাটিয়ে দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। শুক্রবার অবশ্য তাকে নিয়ে পরিষ্কার কোনো বার্তা দেননি
টিম ম্যানেজার আমের খান। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ ১০-১২টা পর্যন্ত রিকভারি সেশন
ছিল। ফান, গেমস, যেগুলো করলে মানসিকভাবে ছেলেরা ভালো বোধ করে, সেগুলো করা হয়েছে। রাকিব
গতকাল চোট পেয়েছে, তার চিকিৎসা চলছে।’
২০১৬ সালে থিম্পুতে এশিয়ান কাপের বাছাইয়ে ৩-১ গোলে হেরেছিল
বাংলাদেশ। ওই হারে প্রায় দুই বছর আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে ছিল বাংলাদেশ। আমের জানালেন,
অতীতের সেই জড়তা কেটে গেছে প্রথম ম্যাচের জয়ে। তিনি বলেন, ‘সবার মধ্যে একটা টেনশন কাজ
করছিল, প্রথম ম্যাচ, অনেক দিন পর খেলা, ভুটানের এ মাঠে আগের একটা অভিজ্ঞতা ছিল, যেটায়
আমরা ভালো ফল করতে পারিনি। সেখান থেকে সব দুশ্চিন্তা দুর করে একটা গোল দিয়ে যে ধরে
রাখতে পেরেছি, সেই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছি।’
পঞ্চম মিনিটে করা মোরসালিনের গোলে জিতেছে বাংলাদেশ। প্রথম
ম্যাচের অভিজ্ঞতা নিয়ে ডিফেন্ডার তপু বর্তন বলেন, ‘আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা সবচেয়ে
বেশি উপকার পেয়েছি এখানে সাত দিন আগে আসায়। আবহাওয়ার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পেরেছি।
পরিকল্পনা মোতাবেক খেলতে পেরেছি। আমাদের কালকের ম্যাচটা যদি দেখেন, আমরা কোনো তাড়াহুড়ো
করিনি। আমার মনে হয়, কাল আমাদের জয়ের জন্য এটা বড় ভূমিকা রেখেছিল।’










