প্রথমবারের মতো ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আসর আয়োজন করেছে ফিফা। আজ এ আসরের শিরোপা নির্ধারণ। নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আজ অল-ইউরোপিয়ান ফাইনালে ফ্রান্সের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে ইংল্যান্ডের ক্লাব চেলসি। সেমিফাইনালে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি, আর চেলসি ২-০ গোলে হারিয়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্সকে। বর্তমান ফর্ম বিবেচনায় পিএসজিই ফাইনালের ফেভারিট। শ্রেষ্ঠত্ব নির্ধারণের এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

চলতি আসরে মোট তিনবার প্রতিপক্ষকে ৪-০ গোলে হারানোর কৃতিত্ব দেখিয়েছে পিএসজি। প্রথমবার গ্রুপ পর্বের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, দ্বিতীয়বার শেষ ষোলোয় ইন্টার মায়ামির বিপক্ষে ও তৃতীয়বার কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোলের উৎসব করে তারা।

কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও মেসিকে নিয়ে ‘সেরা’ হতে পারেনি পিএসজি। এ তিন সুপারস্টারের বিদায়ের পরপরই ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করে ফরাসি দলটি। লুই এনরিকের ভিন্ন ধাঁচের ফুটবল দলটিকে করে তুলেছে অপ্রতিরোধ্য। আজ তাদের বিশ্ব জয়ের দিন। এমন দলকে কীভাবে থামাবে চেলসি? ব্লুজদের কোচ এঞ্জো মারেসকা ফাইনালকে একটি ‘দাবার ম্যাচ’ হিসেবে নিচ্ছেন। তিনি মনে করেন, চ্যাম্পিয়ন হতে চাইলে তার দলকে বিশ্বের সেরা দলটিকে হারাতে হবে।

ঘরোয়া লিগ ও কাপ জয়ের পর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে নিয়েছে লুই এনরিকের দল। গত ৩১ মে বার্লিন ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে ইউরোপে নিজেদের শ্রেষ্ঠত্ব পায় প্যারিস জায়ান্টরা। পিএসজির সেই গতি, সেই মান একটুও কমেনি। বরং ফিফা ক্লাব বিশ্বকাপে তারা আরো অপ্রতিরোধ্য। তাদের সামনে পড়া দলগুলো রীতিমতো চূর্ণবিচূর্ণ, ক্ষতবিক্ষত। এমনকি ‘ইউরোপের রাজা’ রিয়াল মাদ্রিদকে নিয়েও ছেলেখেলা করেছে জাদুকর এনরিকের শিষ্যরা।

অপ্রতিরোধ্য পিএসজিকে আজকের ফাইনালে হারাতে দাবার কৌশল নিতে চান মারেসকা। তিনি বলেন, ‘আমি দাবা খেলতে ও দেখতে ভালোবাসি। আমি তো মনে করি ফুটবল খেলাটা দাবার মতোই, যখন প্রতিপক্ষ কোনো চাল দেবে, তখন আপনাকে প্রতিক্রিয়া দেখাতে হয় এবং আমি মনে করি, এটা দাবা খেলার মতোই হবে। তারা (পিএসজি) ইউরোপ ও বিশ্বের একটি শীর্ষ দল এবং সম্ভবত অন্যতম সেরা। তবে প্রতিটি ম্যাচই আলাদা এবং আমরা চেষ্টা করব ভালো একটি ম্যাচ খেলার। এটা নিশ্চিত যে ম্যাচটা কঠিন হবে, কিন্তু সব ম্যাচই তো কঠিন। ফ্লুমিনেন্স তো ইন্টার মিলানকে হারাল, যারা কিনা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে, আল হিলাল হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। এ আসরেই পিএসজিকে হারিয়ে দেয় বোটাফোগো এবং দারুণ কাজ করেছে। তবে আমাদের স্টাইল বোটাফোগোর চেয়ে ভিন্ন।’

পিএসজিকে নিয়ে তিনি আরো বলেন, ‘পিএসজি বিশ্বের সেরা দল এবং সেটি এ টুর্নামেন্ট, ফ্রান্স আর চ্যাম্পিয়নস লিগে দেখিয়েছে। অবশ্যই এটি আমাদের জন্য কঠিন ম্যাচ হবে, আমরা সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুতি নিচ্ছি। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। আমি আগেও বলেছি, তাদের খেলা দেখাটা উপভোগ্য, তবে এখানে আমরা সেরাটা দিতে ও ফাইনাল জিততে এসেছি।’

মারেসকা জানান, ফাইনালে খেলার ভালো সম্ভাবনা আছে মিডফিল্ডার কাইসেদোর, যিনি ফ্লুমিনেন্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে গোড়ালির চোটে পড়েন। চেলসি কোচ বলেন, ‘কাইসেদো দ্রুতই সেরে উঠছেন। কাইসেদো আমাদের দলের গুরুত্বপূর্ণ ও মূল্যবান সদস্য। আজ সকালের ট্রেনিং সেশনেও সে অংশ নিয়েছে।’