পার্থে প্রথম টেস্টে ৩৬০
রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। সফরকারী দলটি সেই ক্ষত কাটিয়ে উঠতে চায় জয়
দিয়ে। এই লক্ষ্যে মেলবোর্নে মঙ্গলবার শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে একাদশে বড়
একটি পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান। উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদের জায়গায় এই
টেস্টে খেলবেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটি জানিয়ে
দেয়া হয়েছে।
২০১৬ সালের অস্ট্রেলিয়া
সফরে ৫৬.৫০ গড়ে রান করায় সরফরাজের ওপর আস্থা ছিল পাকিস্তানের। কিন্তু প্রথম টেস্টে
তিনি মোটেই ভালো করেননি। দুই ইনিংস মিলে মাত্র সাত রান করেছেন। মিচেল স্টার্কের
পেসের সামনে তিনি ছিলেন অসহায়। তাই মেলবোর্নে তার জায়গায় রিজওয়ানকে সুযোগ করে
দিচ্ছে পাকিস্তান।
এর বাইরে আরো দুটি
পরিবর্তন অবধারিত। পেস বোলার খুররম শাহজাদ সিরিজ থেকে ছিটকে গেছেন, আর ফাহিম আশরাফ
ব্যাট-বলে ব্যর্থ হওয়ায় বাদ পড়তে যাচ্ছেন। আজই একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ
করবে পাকিস্তান টিম ম্যানেজেমন্ট।
প্রথম টেস্টে অভিষেকেই ৭
উইকেট নিয়েছেন পেস বোলার আমির জামাল। যদিও তিনি দলের বড় হার ঠেকাতে পারেননি। ডেভিড
ওয়ার্নার ও মিচেল মার্শদের অনবদ্য পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি
সফরকারীরা।
এই সিরিজে পাকিস্তান দলকে
নেতৃত্ব দিচ্ছেন শান মাসুদ।










