আজ শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল তামিম ইকবালের অবসরের খবর। তাকে নিয়ে ছিল শোকগাঁথা। ৩৪ বছর বয়সে তার অবসর অনেকেই মানতে পারছিলেন না। কৃতী এই ব্যাটারকে ফিরে আসার আহ্বান জানান অনেকে। এমনকি বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বোর্ডের বৈঠক শেষে বলেছেন, তামিম যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফিরে আসেন।

ভক্ত-সমর্থক আর বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বস্তির খবর হলো তামিম ফিরছেন। আজ বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নিয়েছিলেন তামিমকে। সেখানে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পরে যোগ দেন বিসিবি সভাপতিও। বৈঠক শেষে তামিম আবারো ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আফগানিস্তান সিরিজে তিনি খেলবেন না। আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন। সেপ্টেম্বরে ফিরবেন এশিয়া কাপে। এরপর অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপেও দেখা যাবে তাকে।

গণভবন থেকে থেকে বের হওয়ার পর বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারেরও বেশি রান করা তামিম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আজ (শুক্রবার) দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

আগামীকাল শনিবার আফগানিস্তানের সঙ্গে দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে খেলা হবে না তামিমের। পরেরটিতেও খেলবেন না। দুটি ম্যাচেই দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।