জেসিকা পেগুলার রূপকথা থামালেন আরিনা সাবালেঙ্কা। প্রথমবারের মতো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন আমেরিকান বিলিয়নেয়ার টেরি পেগুলার ৩০ বছর বয়সী কন্যা। যদিও গ্র্যান্ডস্লাম শিরোপা ছুঁয়ে দেখা হলো না তার। স্বাগতিক দেশের খেলোয়াড়টিকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতেছেন বেলারুশিয়ান তারকা আরিনা সাবালেঙ্কা।

 

২৬ বছর বয়সী সাবালেঙ্কার এটা তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। এর আগে দুবার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। গত জানুয়ারিতে সফলভাবে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে শিরাপা ধরে রাখেন।  

 

ঠিক ১২ মাস আগে ইউএস ওপেনের ফাইনালে কোকো গাফের কাছে হেরে চোখের জলে বিদায় নিয়েছিলেন সাবালেঙ্কা। তখন লকার রুমে নিজের র‍্যাকেট ভাঙতে দেখা যায় তাকে। যদিও সেই শোককে শক্তিতে পরিণত করে এবার বিজয়ীর হাসি হাসলেন তিনি। এটাই ফ্লাশিং মিডোতে তার প্রথম শিরোপা।

 

আজ ভোরে জয় শেষে সাবালেঙ্কা বলেন, ‘এখানে আমার অনেক কঠিন শিক্ষা হয়েছে। আমি এবার খেলার সময় সেই শিক্ষা কাজে লাগিয়েছি এবং বলেছি, আমি চাপ মোকাবেলার জন্য যথেষ্ট শক্তিশালী।’


 

ইউএস ওপেনে ২০২১ সালের সেমিফাইনালে লেইলাহ ফার্নান্দেজের কাছে ও ২০২২ সালে ইগা তিয়ানতেকের কাছে হেরে যান তিনি।

 

এদিকে, আজ রোববার রাত ১২টায় ছেলেদের ফাইনালে মুখোমুখি হবেন ইয়ান্নিক সিনার ও টেইলর ফ্রিটজ।