নারী বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনকে জিতিয়ে দেয়া জেনিফার হারমোসোকে চুমু দিয়ে বির্তেকর মুখে পড়েছিলেন স্প্যানিশ ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। এই কাণ্ডে তিনি ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করলেও সমালোচনার ঝড় মোটেও থামেনি। এর জেরে পদত্যাগ করতে যাচ্ছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছিল। তবে রুবিয়ালেস নিজে জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এক বিশেষ অধিবেশনে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করছি না, করছি না।’

আত্মপক্ষ সমর্থন করে রুবিয়ালেস বলেন, ‘আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছি। তারপরও আমি যেভাবে আক্রমণের শিকার হচ্ছি আমি সেটা আমার প্রাপ্য নয়।’

তিনি নিজের কৃতকর্মের সাফাই গেয়ে জানান, পেনাল্টি মিস করায় হারমোসোকে সান্ত্বনা জানানোর চেষ্টা করছিলেন। তার কথায়, ‘‘আমি তাকে বলেছি, পেনাল্টি ভুল যাও এবং তাকে বলেছি, ছোট্ট চুমু? সে বলেছে ‘ওকে’। এটা ছিল স্বতঃস্ফূর্ত, পারস্পরিক ও উচ্ছ্বাসপূর্ণ ও সম্মতিমূলক। এটাই সত্যি। কাজেই একটি সম্মতিমূলক চুমু কি আমাকে ছিটকে দেয়ার মতো যথেষ্ট? আমি শেষ পর্যন্ত লড়ে যাব।’’


এর আগে গত ২০ আগস্ট সিডনিতে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় লাভ করে স্পেন। এরপর পুরস্কার বিতরণী মঞ্চে হারমোসোর ঠোঁটে চুমু খেয়ে বসেন রুবিয়ালেস। এ আচরণ ভালোভাবে নেননি হারমোসোও। পরে অবশ্য পরিস্থিতি সামাল দিতে নিজের অসন্তুষ্টি আড়াল করেন তিনি।

ম্যাচ জেতার পরদিন সন্ধ্যায় রুবিয়ালেস বলেছিলেন, ‘আমি সম্পূর্ণরূপেই ভুল ছিলাম। আমাকে এটা স্বীকার করতেই হবে। আমি অনুতপ্ত। চরম উত্তেজনার মুহূর্তে এতে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ওই মুহূর্তে এক আমরা স্বাভাবিক হিসেবেই নিয়েছিলাম। কিন্তু বাইরে এ নিয়ে একটি আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় আমি দুঃখপ্রকাশ করছি। আমি বুঝতে পারছি, যখন আপনি প্রেসিডেন্ট তখন আরো সতর্ক থাকতে হবে।’