শীর্ষ র্যাংকধারী বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিল ১৯৬৮ আসরের চ্যাম্পিয়ন ইতালি। শেষ চারে তারা মুখোমুখি হবে তিনবারের সাবেক চ্যাম্পিয়ন স্পেনের, যারা শুক্রবার রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারায় সুইজারল্যান্ডকে।
অন্য সব ম্যাচের মতো গোলবন্যা না হলেও মিউনিখে বেলজিয়াম-ইতালি ম্যাচ ছিল দারুণ উপভোগ্য। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা দল ইতালি, আর র্যাংকিংয়ে বিশে^র এক নম্বর দল বেলজিয়াম। এ মুহূর্তে বিশে^র অন্যতম সেরা দুই দল শুক্রবার রাতের ম্যাচে নিজেদের মেলে ধরে। যদিও রোমাঞ্চকর এ দ্বৈরথে শেষ হাসি হাসল আজ্জুরিরা।
তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ৩১ মিনিটে নিকোলো বারেল্লার গোলে লিড নেয় ইতালি। মার্কো ভেরাত্তির পাস থেকে গোলটি করেন তিনি। ৪৪ মিনিটে ব্যবধান ২-০ করেন লরেঞ্জো ইনসিনিয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ইন্টার মিলান স্ট্রাইকার রোমেলু লুকাকু। স্নায়ুক্ষয়ী দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে, যদিও গোল না হওয়ায় ইতালির জয় নিশ্চিত হয়। এটা ইতালির টানা ১৩ জয়, আজ্জুরিরা অপরাজিত ৩২ ম্যাচে।
এ নিয়ে বড় আসরে ১২ বার সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখাল ইতালি। তাদের চেয়ে বেশি সেমিফাইনাল খেলার কৃতিত্ব দেখিয়েছে জার্মানি (২০)।
এ জয়ে দারুন এক রেকর্ড গড়েছেন ইতালির কোচ রবার্তো মানচিনি। দ্বিতীয় কোচ হিসেবে ইউরোতে নিজের প্রথম পাঁচ ম্যাচেই জিতেছেন তিনি। ১৯৮৪ সালে ফ্রান্সের হয়ে এমন কীর্তি গড়েছিলেন মিশেল হিদালগো।
মঙ্গলবার রাত একটায় এবারের ইউরোর প্রথম সেমিফাইনালে লড়বে ইতালি ও স্পেন।










