বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় শুরু হয়েছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। গতকাল প্রধান অতিথি হিসেবে বিকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিশ্বকাপে অংশগ্রহণকারী ১১ দলের খেলোয়াড়, কোচ, প্রতিনিধিদের বর্ণিল উপস্থিতিতে মিরপুর ইনডোরের গ্যালারি ছিল ছাত্রছাত্রীর কলরবে মুখর।
২০১২ সালের ১৩ বছর পর বিশ্বকাপের আরেকটি আয়োজন নিয়ে উচ্ছ্বসিত সবাই। বৈশ্বিক নারী কাবাডি বিশ্বকাপ প্রথমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সভাপতি বিনোদ কুমার তিওয়ারি, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আলম, সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অন্য কর্মকর্তারা।










