মাউন্ট মঙ্গানুই টেস্টে ১৩ রানের মধ্যে নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নিয়েও দিন শেষে স্বস্তিতে নেই পাকিস্তান। তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তার হার না মানা ৯৪ রানে ভর করে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২২২ রান তুলে প্রথম দিন শেষ করে স্বাগতিকরা।
তৃতীয় উইকেটে রস টেলরকে নিয়ে ১২০ রানের পার্টনারশিপ গড়ে উইলিয়ামসনই পাকিস্তানকে হতাশায় ডুবিয়ে রাখেন। অভিজ্ঞ টেলর ৭০ রান করে বিদায় নেয়ার পর উইলিয়ামনকে যোগ্য সঙ্গ দেন হেনরি নিকোলস। এ দুজন মিলে বোর্ডে যোগ করেন আরো ৮৯ রান। উইলিয়ামসন ২৪৩ বলে ৯৪ ও নিকোলস ১০০ বলে ৪২ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
পাকিস্তানের পক্ষে পেস বোলার শাহিন শাহ আফ্রিদি একাই নেন কিউইদের পতন হওয়া তিনটি উইকেট।
সিরিজে দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ক্রাইস্টচার্চে ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে তিন ম্যাচের টি২০ সিরিজে কিউইদের কাছে হেরেছে অতিথিরা।
ক্রিকইনফো










