বলের সঙ্গে দু দুবার মাথার দুর্দান্ত সংযোগ ঘটিয়ে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে দিলেন করিম বেনজেমা। বুধবার গ্রুপ পর্বের ম্যাচে তার নৈপূণ্যে জার্মানির বরুশিয়া মুনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে নাম লেখায় স্প্যানিশ জায়ান্টরা। 

যদিও ইন্টার মিলানের ব্যর্থতায় হেরেও শেষ ষোলোর টিকিট পেয়েছে মুনশেনগ্লাডবাখ। শাখতার দোনেস্কের সঙ্গে গোলশূন্য ড্র করে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ইতালির ইন্টার মিলান। এই ম্যাচে দুটি দলেরই উত্তীর্ণ হতে জয়ের প্রয়োজন ছিল, কিন্তু স্যান সিরোয় চরম আকাঙ্খিত জয় কেউই পায়নি। এ সুযোগে মুনশেনগ্লাডবাখ উঠে যায় শেষ ষোলোয়। ৬ ম্যাচ শেষে রিয়ালের ১০ পয়ন্ট, মুনশেনগ্লাডবাখের ৮। বিদায় দেয়া শাখতারের পয়েন্ট ৮ ও ইন্টারের ৬।

‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে থেকে বুধবার ঘরের মাঠে খেলতে নামে রিয়াল। তাদের বিদায়ের শঙ্কা উঁকি দিচ্ছিল। যদিও দুটি শক্তিশালী হেডে সব শঙ্কা এক হল্কায় উড়িয়ে দিলেন বেনজেমা। ৯ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার। এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। রিয়ালকে নকআউটে তোলা বেনজেমার এটা গ্রুপ পর্বে ৫০তম গোল। তার আগে পঞ্চাশ কিংবা তার বেশি গোল করেছেন লিওনেল মেসি (৭১), ক্রিস্টিয়ানো রোনালদো (৬৭), রাউল (৫৩) ও রুদ ফন নিস্তেলরয় (৫০)। 

এদিকে আনুষ্ঠানিকতার ম্যাচে ডেনিশ দল মিিজল্যান্ডের মাঠে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল, যারা আগেই ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। এ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের গোল রেকর্ড নিজের করে নেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। মাত্র ৫৫ সেকেন্ডে গোল করেন তিনি। এটা চ্যাম্পিয়ন্স লিগে তার ২২তম গোল। এর মধ্য দিয়ে স্টিভেন জেরার্ডকে টপকে তিনিই ‘অল রেড’দের জার্সিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল করার সম্মান পেলেন। 

ডাচ দল আয়াক্সকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় লিভারপুলের সঙ্গী হয়েছে ইতালির দল আটালান্টা। লিভারপুলের ঝুলিতে ১৩ পয়েন্ট, আটালান্টার ১১ ও আয়াক্সের ৭। মিজিল্যান্ড ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। 

মার্সেইকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠল ম্যানচেস্টার সিটি। ইনজুরি থেকে ফিরে এ ম্যাচে গোল করেন সার্জিও আগুয়েরো। ৪৮ মিনিটে সিটিকে এগিয়ে দিয়েছিলেন ফেরান টোরেস, ৭৭ মিনিটে গোল করেন বদলি খেলোয়াড় আগুয়েরো। ৯০ মিনিটে আলভারো গঞ্জালেজ আত্মঘাতী গোল করলে ৩-০ ব্যবধানে জয় পায় সিটিজেনরা। 

৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি, ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে পোর্তা যারা বুধবার ২-০ গোলে হারায় অলিম্পিয়াকোসকে। 

লোকোমোটিভ মস্কোকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলোয় যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ (১৬ পয়েন্ট)। এ রাতে রেড বুল সলজবুর্গকে একই ব্যবধানে হারায় অ্যাতলেটিকো মাদ্রিদ (৯ পয়েন্ট)। 

সূত্র: বিবিসি