অস্ট্রেলিয়ান ওপেনে কিশোরী মিরা আন্দ্রিভা রূপকথার মতোই যেন ছুটছেন। আজ শুক্রবার অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফ্রান্সের ডিয়ানে প্যারিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন ১৬ বছর বয়সী এই রুশ খেলোয়াড়। তিনি জিতেছেন ১-৬, ৬-১, ৭-৬ (১০-৫) গেমে।

 

অথচ দুই সেট শেষে ১-১-এ সমতার পর তৃতীয় সেটে তিনি ১-৫ গেমে পিছিয়ে পড়েন। তখন কে ভেবেছিল, আন্দ্রিভাই জিতবেন? কিন্তু শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করলেন এই স্বর্ণকেশী কিশোরী। তৃতীয় ও মীমাংসার সেটটিতে তিনি ম্যাচ পয়েন্টও বাঁচিয়েছেন। পরে ধীরে ধীরে ফিরে এসে শেষ পর্যন্ত টাইব্রেকে ১০-৫ পয়েন্টের জয় তুলে নেন। আন্দ্রিভা টানা পাঁচটি গেম জিতে ম্যাচ পয়েন্টের জন্য সার্ভ করছিলেন। তখন আবার নাটকীয়তা। প্যারি ব্যাক-টু-ব্যাক পয়েন্ট জিতলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। যদিও আন্দ্রিভাই হেসেছেন শেষ হাসি।

 

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার অংশ নিয়েই চতুর্থ রাউন্ডে ওঠার কৃতিত্ব দেখালেন আন্দ্রিভা। যদিও গ্র্যান্ডস্লামে এটাই তার সবচেয়ে বড় সাফল্য নয়। গত বছর উইম্বলডনেও চতুর্থ রাউন্ডে খেলেছেন তিনি!

 

বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কার জয়রথও ছুটছে। আজ ইউক্রেনের লেসিয়া সুরেঙ্গোর বিপক্ষে ৬-০, ৬-০ গেমের দাপুটে জয়ে তিনি চতুর্থ রাউন্ডে নাম লেখান। মেলবোর্ন পার্কে এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র ছয়টি গেম হেরেছেন বেলারুশিয়ান খেলোয়াড় সাবালেঙ্কা।

 

জয় শেষে তিনি বলেন, ‘গত বছর ইগা (সিয়ানতেক) অনেকগুলো সেট ৬-০ ব্যবধানে জিতেছে। এবার আমার লক্ষ্য তার কাছাকাছি যাওয়া।’

 

আজ অ্যালিসিয়া পার্কসকে ৬-০, ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কোকা গাফ। এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনে এখন পর্যন্ত কোনো সেট হারেননি ১৯ বছর বয়সী কোকো। আজও আমেরিকান খেলোয়াড়টির বিপক্ষে কর্তৃত্ব করেন তিনি।

 

এদিকে, অস্ট্রেলিয়ান ওপেনে নিজের শততম ম্যাচটি দাপটের সঙ্গে জিতেই উদযাপন সারলেন এই আসরে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। আজ আর্জেন্টিনার টমাস মার্টিন এচেভেরিকে ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-২) গেমে হারান শীর্ষ বাছাই জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জয়ের রেকর্ডটা আরো সংহত করার পাশাপাশি এক অস্ট্রেলিয়ানের রেকর্ড ভাঙার হাতছানিও তার সামনে। চলতি আসরে শিরোপা জিতলেই তিনি মার্গারেট কোর্টকে টপকে এককভাবে সর্বোচ্চ ২৫টি গ্র্যান্ডস্লামের মালিক হয়ে যাবেন। বর্তমানে ২৪টি মেজর শিরোপা জিতে কোর্টের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করছেন সার্বিয়ান সুপারস্টার।

 

চতুর্থ রাউন্ডে আদ্রিয়ান মান্নারিনোর মুখোমুখি হবেন জোকোভিচ। আজ মান্নারিনো হারান ২১ বছর বয়সী বেন শেলটনকে।