লাতিন মহাদেশের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের মতো গুরুত্বপূর্ণ আসরে মাঠে নামানোর মতো কোনো গোলকিপার ছিল না আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের। কারণ দলটির স্কোয়াডের ২০ জনই কভিড-১৯ পজিটিভ! এমতাবস্থায় ১১ জনের স্কোয়াড থেকে মিডফিল্ডার এনজো পেরেকজেই গোলবার সামলাতে হলো এবং তিনি কাজটি করলেন দারুণ দক্ষতার সঙ্গেই। কলম্বিয়ান ক্লাব ইন্দেপেন্দিয়েন্তের বিপক্ষে গতকালের এই ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিভার প্লেটই। 
চারবারের লাতিন চ্যাম্পিয়নদের এ কৃতিত্বের দিন ঘরোয়া ফুটবলে শিরোপা জিতেছে জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে কোপা ইতালিয়া জিতেছে জুভেন্টাস, আর মোনাকোকে ২-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপ জিতেছে পিএসজি।
আর্জেন্টিনায় করোনার সংক্রমণ বেড়েছে, যার প্রভাব পড়েছে রিভার প্লেট দলের ওপরও। তাদের ২০ জনই করোনায় পজিটিভ হন। এর মধ্যে মূল দলের চার গোলকিপারই কভিড পজিটিভ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এতে বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচে ক্লাবটির অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। তখন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) কাছে যুব দলের দুই গোলকিপারকে অন্তর্ভুক্ত করার আবেদন জানায় রিভার প্লেট, যা প্রত্যাখ্যাত হয়। আবার ম্যাচ পেছানোর আবেদনও টেকেনি। ফলে বাধ্য হয়েই তারা মিডফিল্ডার এনজো পেরেজকে গোলবার সামলানোর দায়িত্ব দেয়। আর্জেন্টিনা জাতীয় দলের মিডফিল্ডার অবশ্য গ্লাভস হাতে দুর্দান্ত খেলে দলকে জিততে সাহায্য করেছেন। 

এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ও সিরি-এ লিগে ব্যর্থ জুভেন্টাস জিতল কোপা ইতালিয়ার শিরোপা। ফেরেদিকো চিয়েসার ঠাণ্ডা মাথার ফিনিশিং কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোকে এনে দেয় ক্যারিয়ারের প্রথম বড় কোনো শিরোপা। ৩১ মিনিটে দেজান কুলুসেভস্কির গোলে লিড নেয় জুভেন্টাস। ১০ মিনিট পর সমতা আনেন লুসলান মালিনোভস্কি। এরপর ৭৩ মিনিটে জুভেন্টাসের জয়সূচক গোল করেন চিয়েসা। এটা জুভেন্টাসের ১৪তম কোপা ইতালিয়ান শিরোপা। 
এদিকে সাত বছরের মধ্যে ষষ্ঠবারের মতো ফ্রেঞ্চ কাপ জিতে নিল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নেয়া পিএসজির লিগ শিরোপা ধরে রাখাও অনিশ্চিত। এমন পরিস্থিতিতে তাদের জন্য স্বস্তি আনল ফ্রেঞ্চ কাপ। বুধবার রাতে মাউরো ইকার্দি ও কিলিয়ান এমবাপ্পের গোলে তারা সহজেই মোনাকোকে হারিয়ে শিরোপাটি জিতে নেয়। 
রোববার টেবিলের ১৬ নম্বর দল ব্রেস্টের মুখোমুখি হবে পিএসজি, অন্যদিকে লিল খেলবে অ্যাঞ্জার্সের বিপক্ষে।